সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন
বাংলাদেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলের সংকীর্ণ রাস্তায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌরবিদ্যুৎ চালিত একটি বিশেষ থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন করা হয়েছে। যেসব মেঠোপথ বা সরু গলি দিয়ে সাধারণ অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না, সেসব এলাকায় মুমূর্ষ রোগী পরিবহনে এই উদ্ভাবন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
দেশে ব্যাপকভাবে ব্যবহৃত প্রচলিত বৈদ্যুতিক থ্রি-হুইলারকে রূপান্তর ঘটিয়ে এই অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। যানটির মূল প্রযুক্তিগত কেন্দ্রবিন্দু হলো এতে ব্যবহৃত ‘সৌরবিদ্যুৎ চালিত ডিসি ন্যানোগ্রিড প্রযুক্তি। এটি একটি মডিউলার ও ওপেন-সোয়ার্স পাওয়ার সিস্টেম, যা সৌর প্যানেল ও ব্যাটারি থেকে শক্তি সঞ্চয় করে অ্যাম্বুলেন্সের ভেতরের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও বৈদ্যুতিক যন্ত্রপাতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।
যানটির ছাদে ১০০ ওয়াটের ৩টি সোলার প্যানেলসহ ৩০০ ওয়াটের সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। পাশাপাশি একটি সেন্ট্রাল ডিসপ্লে রাখা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী সরাসরি বিদ্যুৎ খরচ ও পাওয়ার আউটপুট পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন।
গবেষক ও উদ্যোক্তা ওয়েস্টার্ণ ইউনিভার্সিটি কানাডার শিক্ষার্থী সারা খানের মতে, এই সোলার প্যানেল গাড়িটির সাধারণ চার্জিং ব্যবস্থাকে পুরোপুরি প্রতিস্থাপন করার জন্য নয়, বরং এটি অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে যেন জরুরি চিকিৎসা সরঞ্জামগুলো চলাচলের সময় নিরবচ্ছিন্নভাবে চালানো যায়। গতকাল রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লবিতে সৌরবিদ্যুৎ চালিত এই বিশেষ থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স’র কার্যক্রমের উদ্বোধন করা হয়। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী প্রধান অতিথি থেকে এ অ্যাম্বুলেন্স’র কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সাকলাইন ও শাকিলুর রহমান শাকিল, প্রাইম ব্যাংক ম্যানেজার সাইদ ইমাম, সারা খানের পিতা শাহ নেওয়াজ খান প্রমুখ। উল্লেখ্য, এই অ্যাম্বুলেন্স’র ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। প্রেস বিজ্ঞপ্তি
