দুর্গাপুরে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ
দুর্গাপুর প্রতিনিধি
কৃষকদের মাঝে সারের সুষ্ঠু ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর দুর্গাপুরে সার বিক্রয়কেন্দ্রগুলোতে নিয়মিত মনিটরিং করছে উপজেলা কৃষি অফিস। জানা গেছে, এরই ধারাবাহিকতায় রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের খুচরা সার বিক্রেতা মো: মজিদ মোল্লা এর বিক্রয়কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।
অভিযোগ উঠেছে গত ১৪ নভেম্বর রাতে ওই বিক্রয়কেন্দ্র থেকে ৪ বস্তা টিএসপি সার অন্যত্র স্থানান্তরের সময় স্থানীয় লোকজন তা আটকে দেন। পরিদর্শনকালে বিক্রেতার ক্যাশমেমো ও বাস্তব সার মজুদের মধ্যে অসংগতি পাওয়া যায়। এ ছাড়া স্থানীয়রা তাঁর বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেন। এসব বিষয় পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিক্রেতার সার বিক্রয়ের বরাদ্দ বাতিলসহ বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
পরিদর্শনকালে কৃষি সম্প্রসারণ অফিসার মোহা. আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তোহিদুর রহমান, মাড়িয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মুনিনুজ্জামান, পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, খুচরা সার বিক্রেতাদের প্রতিনিধি ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অফিসার মোহা. আনোয়ার হোসেন বলেন, “কৃষকদের সার প্রাপ্তি সহজ ও নির্বিঘ্ন করতে কৃষি বিভাগ সর্বদা সতর্ক রয়েছে। সার বিতরণে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তোহিদুর রহমান বলেন, “প্রকৃত কৃষকের কাছে সঠিক সময়ে সার পৌঁছে দেওয়া আমাদের অগ্রাধিকার। এ লক্ষ্যে সার বিক্রয়কেন্দ্রগুলোতে আমাদের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। এদিকে, কৃষি বিভাগের তাৎক্ষণিক পরিদর্শন ও উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তাঁরা মনে করেন, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং কৃষকদের ভোগান্তি কমবে।
