সম্পাদকীয়

ডায়াবেটিস প্রতিরোধ ও প্রতিকারে সচেতন হতে হবে

গত শনিবার ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে এক বাণীতে বলেছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য এবংং শরীরচর্চার মাধ্যমে ডায়বেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা জরুরি। ডায়বেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। তিনি বলেছেন, সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বলার অপেক্ষা রাখে না, ডায়াবেটিস এমন একটি রোগ, যা কখনো নিরাময় হয় না। একে নিয়ন্ত্রণে রাখতে হয়। একবার কারো ডায়বেটিস হলে, তাকে সারাজীবন তা বহন করে চলতে হয়। ডায়াবেটিস নির্মূলে চিকিৎসা বিজ্ঞান এখনো পিছিয়ে। তবে তা নিয়ন্ত্রণের নানা ওষুধ ও জীবনাচারের ধরন বদলের উপায় বাতলে দেয়া হয়েছে। ডায়াবেটিস শুধু তার সীমার মধ্যে থাকে না, এর সাথে দেহের অন্যান্য নানা ব্যাধি নিয়ে আসে। হাইপারটেনশন, কিডনীরোগ, হৃদরোগসহ জটিল সব রোগের পথ তৈরি করে দেয়। ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে হলে, তা হওয়ার আগেই সচেতন হতে হয়, যাকে বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে আমাদের দেশে ডায়বেটিসের চিত্র তুলে ধরা হয়েছে। ডায়বেটিসবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশননের সর্বশেষ (২০২৫) তথ্য অনুযায়ী, দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের আনুমানিক সংখ্যা ১ কোটি ৩৯ লাখের বেশি। ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই ডায়াবেটিস সম্পর্কে অসচেতন। লাখ লাখ মানুষ ডায়াবেটিস পরীক্ষার বাইরে রয়েছে। ডায়াবেটিসের এসব চিত্র খুবই অ্যালার্মিং। এতে একটি বিষয় প্রতিভাত হয়, দেশব্যাপী ডায়াবেটিসের নীরব বিস্তার ঘটছে। অনেকে জানেনও না, তারা ডায়াবেটিস নিয়ে চলাফেরা করছেন। যখন ডায়াগনোসিসে ধরা পড়ে, তখন তা অনেক বেশি দেখা যায়। এটা হয়, অসচেতনতার কারণে। তবে ডায়াবেটিস হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ থেকে মুক্ত থাকা এবং নিয়ন্ত্রণ রাখার জন্য জীবনযাপনের ধরন বদলাতে হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত হাঁটলে ডায়বেটিস থেকে যেমন মুক্ত থাকা যায়, তেমনি ডায়বেটিস নিয়ন্ত্রণও করা যায়। এছাড়া খাদ্যাভ্যাসসহ যেসব বদঅভ্যাস রয়েছে, তা নিয়ন্ত্রণ ও মুক্ত থাকা জরুরি। আমাদের দেশে শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত হাঁটার জায়গা যেমন কমে গেছে, তেমনি মানুষের হাঁটার অভ্যাসও নেই বললেই চলে। শহরে হাঁটার জন্য পর্যাপ্ত পার্ক ও ফুটপাত নেই। ফুটপাতগুলো হকারদের অবৈধ দখলে চলে গেছে। ফলে মানুষের হাঁটার মতো কোনো পরিবেশ থাকে না। সরকারের দায়িত্ব হচ্ছে, মানুষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য শহরে কিংবা মফস্বলে পর্যাপ্ত হাঁটার জায়গা তৈরি করে দেয়া। লন্ডনের বেশ কয়েকটি জায়গায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, যাতে মানুষ হাঁটার সুযোগ পায়। মানুষ যাতে হাঁটে এবং সুস্থ থাকে, এজন্য সেসব এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমান সরকার দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জোর দিয়েছে। মানুষকে স্বাস্থ্যসচেতন করে তোলার কথা বলছে। সরকারের এই উদ্যোগ ভাল। তবে উদ্যোগ যাতে শুধু বক্তব্য-বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বাস্তবায়িত হয়, তা সরকারকে নিশ্চিত করতে হবে। শুধু ডায়াবেটিস দিবস এলে এ নিয়ে হইচই করলে হবে না। জীবন-জীবিকার তাকিদে মানুষের বসে থাকার সুযোগ নেই। এর মাঝেই সময় বের করে কীভাবে হাঁটা কিংবা শরীর চর্চা করা যায়, তা রোগমুক্ত থাকার জন্যই জরুরি। সুষম খাবার গ্রহণ, বদঅভ্যাস পরিত্যাগ এবং টেনশন নিয়ন্ত্রণ করার অনুশীলন করতে হবে। সরকারকে মানুষের জন্য স্বাস্থ্যসেবা দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে। শুধু সরকার নয়, ডায়াবেটিস প্রতিরোধে ও প্রতিকারে বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেও উদ্যোগী হতে হবে।
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট