ঐতিহাসিক ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তি আজ
স্টাফ রিপোর্টার
আজ শনিবার ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ৫০ বছর আগে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। ওই লংমার্চ আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে সাড়া ফেলে দেয়। বিশ্ব মিডিয়াগুলোতে ফলাও করে খবর প্রচার হওয়ায় ভাসানী হয়ে ওঠেন বিশ্বনেতা। সে সময় চুক্তি অনুযায়ী, পানির ন্যায্য হিস্যার দাবি পূরণ না হওয়ায় মরুকরণের দিকে যাচ্ছিলো বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল। এরই প্রতিবাদে প্রতিবছর ১৬ মে পালিত হয় ফারাক্কা দিবস। এ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচী পালিত হবে। সকাল ৯ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের আয়োজনে মানববন্ধন, সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া আজ বিকাল ৩ টায় রাজশাহী বড়কুটি পদ্মাপাড়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিচালিত ফারাক্কা লংমার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষে ফারাক্কা লংমার্চ উদযাপন কমিটির উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
