নগরীতে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও এসকাফ সিরাপসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে ১ হাজার ৯৪ পিস ইয়াবা ও ৬৬ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ৬১ হাজার ৩৯০ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি দেশীয় অস্ত্র (কুড়াল) জব্দ করা হয়।
নগর পুলিশ জানায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশ পবা থানার বাগসারা এলাকায় অভিযান চালিয়ে সুইটেম (৪৮) ও সজিব আলীকে (৩৯) ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার ভোর রাতে ৫টার দিকে মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে জাকারুল ইসলামকে (৪৩) ৬৬ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে বকতিয়ারাবাদ (মালদা কলোনী) এলাকায় বিশেষ মাদকবিরোধী টিম, বোয়ালিয়া থানা পুলিশ ও এলাকাবাসীর যৌথ অভিযানে ওমর ফারুককে (২৪) ১ হাজার ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১০ হাজার ৬৯০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি দেশীয় অস্ত্র (কুড়াল) জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
