ইতিহাস-ঐতিহ্যের অনন্য নিদর্শন পুঠিয়া রাজবাড়ি         

পুঠিয়া প্রতিনিধি

 ইতিহাস, ঐতিহ্য আর অপূর্ব স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি। শতাব্দীর পর শতাব্দী ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এ রাজবাড়ি শুধু একটি প্রাচীন প্রাসাদ নয়, বরং বাংলার জমিদারি শাসন, ধর্মীয় ঐতিহ্য ও স্থাপত্যশিল্পের সমৃদ্ধ ইতিহাসের ধারক। রাজবাড়িকে ঘিরে থাকা প্রাচীন মন্দির, দিঘি ও বিভিন্ন স্থাপনা প্রতিদিনই আকৃষ্ট করে ইতিহাসপ্রেমী ও পর্যটকদের।

ইতিহাস থেকে জানা যায়, মোগল সম্রাট আকবরের (১৫৫৬-১৬০৫) শাসনামলে পুঠিয়া জমিদার বংশের উদ্ভব ঘটে। পীতাম্বর ছিলেন পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। বহিঃশত্রুর আক্রমণ থেকে রাজবাড়িকে সুরক্ষিত রাখতে এর চারপাশে খনন করা হয় পাঁচটি দিঘি বা পরিখা। এগুলো হলো শিবসাগর, গোবিন্দসাগর, রাধাসাগর, মরাচৌকি ও ইলা দিঘি। এ ছাড়া রাজবাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য খনন করা হয় শ্যামসাগর দিঘি। ১৭৪৪ সালে পুঠিয়া জমিদারি চার ভাগে বিভক্ত হলে চারজন জমিদার বিভিন্ন অংশের অধিকার লাভ করেন। এর মধ্যে পাঞ্চআনি ও চারআনি জমিদারি উল্লেখযোগ্য। রাজা নরেন্দ্রনারায়ণ পাঞ্চআনি অংশের দায়িত্ব পান। অন্যদিকে চারআনি অংশের অধীনে ছিল গোবিন্দ মন্দির, গোলাম মন্দির ও হাওয়াখানাসহ বিভিন্ন স্থাপনা। নরেন্দ্রনারায়ণের ছেলে জগন্নারায়ণ পরবর্তী সময়ে পুঠিয়ার রাজা হন। তিনি দক্ষতার সঙ্গে জমিদারি পরিচালনা করেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী রানি ভুবনময়ী দেবী জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। ধর্মপরায়ণ ও দানশীল হিসেবে পরিচিত রানি ভুবনময়ী দেবীর আমলেই ১৮২৩ সালে নির্মিত হয় পুঠিয়ার বিখ্যাত শিবমন্দির। পরবর্তী সময়ে রানি ভুবনময়ী দেবী তাঁর ছেলে ও নাতিদের নিয়ে জমিদারি পরিচালনা করেন। পাঞ্চআনি এস্টেটের উন্নয়ন, দান-দক্ষিণা, ধর্মীয় কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে এ পরিবারের সদস্যরা বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার পরিবারের সদস্যদের মহারানি উপাধিতে ভূষিত করে। মহারানি হেমন্তকুমারী দেবী তাঁর শাশুড়ি মহারানি শরৎসুন্দরী দেবীর স্মৃতির উদ্দেশ্যে ১৮৯৫ সালে পুঠিয়া রাজবাড়ি পুনর্র্নিমাণ করেন। পরবর্তী সময়ে ১৯০৮ সালে তিনি তাঁর দৌহিত্রদের পাঞ্চআনি জমিদারি উত্তরাধিকার সূত্রে দান করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর পুঠিয়া রাজবাড়ির জমিদারি ব্যবস্থার অবসান ঘটে। পরবর্তী সময়ে পাকিস্তান আমলে ১৯৫০ সালের পর জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে এ রাজবংশের ঐতিহাসিক শাসনব্যবস্থার সমাপ্তি ঘটে।

স্থাপত্যশৈলীতে অনন্য রাজপ্রাসাদ: প্রায় ৪ দশমিক ০১ একর জমির ওপর আয়তাকার পরিকল্পনায় নির্মিত পুঠিয়া রাজবাড়ি। প্রাসাদটির স্থাপত্য ও নির্মাণশৈলীতে ইন্দো-ইউরোপীয় রীতির সুস্পষ্ট প্রভাব রয়েছে। ভবনের নিচতলায় সংরক্ষিত শিলালিপিতে ১৮৯৫ সালে মহারানি হেমন্তকুমারী দেবী কর্তৃক তাঁর শাশুড়ি মহারানি শরৎসুন্দরী দেবীর স্মরণে প্রাসাদটি নির্মাণের তথ্য উল্লেখ রয়েছে।

প্রাসাদটির নিচতলা ও ওপরতলায় রয়েছে বিভিন্ন আকারের কক্ষ। ভবনের মাঝখানে রয়েছে একটি দৃষ্টিনন্দন পেটিও। এর অলংকরণ ও নকশায় ফুটে উঠেছে তৎকালীন নির্মাণশিল্পের নিপুণতা। রাজপ্রাসাদের বারান্দায় ওঠার জন্য রয়েছে কাঠের সিঁড়ি। নিচতলায় রয়েছে ১২টি কক্ষ। ছাদের ওপর কলসাকৃতির ফিনিয়ালসহ বিভিন্ন নকশা প্রাসাদটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

রাজবাড়ি ঘিরে মন্দির ও প্রাচীন স্থাপনা

পুঠিয়া রাজবাড়িকে ঘিরে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির ও ঐতিহাসিক স্থাপনা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বড় শিবমন্দির, জগৎ মন্দির, দোলমন্দির, বড় গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির, বড় ও ছোট আহ্নিক মন্দির, মোগল মন্দির, হাওয়াখানা ও কেষ্টক্ষ্যাপ মঠ।

এ ছাড়া রয়েছে কৃষ্ণপুর গোবিন্দ মন্দির, এর নাটমন্দির, কৃষ্ণপুর শিবমন্দির, মহারানি হেমন্তকুমারী দেবীর বাসভবন বা রানিমহল এবং তাঁর স্নানঘর।

পুঠিয়ার জমিদার ও রাজপরিবারের সদস্যরা সমসাময়িক প্রয়োজন অনুযায়ী প্রাসাদ, মন্দির, দিঘি এবং বিভিন্ন জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণ করেছিলেন। এসব স্থাপনা আজও তাঁদের ইতিহাস, ঐতিহ্য ও শিল্পরুচির পরিচয় বহন করছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুঠিয়ার মোট ১৪টি প্রাচীন নিদর্শন সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে রক্ষণাবেক্ষণ করছে। এর মধ্যে রয়েছে রাজবাড়ি ও বিভিন্ন ঐতিহাসিক মন্দির।

পাঞ্চআনি ও চারআনি জমিদারদের ঐতিহ্য, ধর্মীয় কর্মকাণ্ড এবং স্থাপত্যশৈলীর স্মারক হিসেবে পুঠিয়া রাজবাড়ি ও আশপাশের মন্দিরগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সময়ের পরিবর্তনে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হলেও ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এসব স্থাপনা বাংলার সমৃদ্ধ অতীতকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে।

পুঠিয়া রাজবাড়ী ও জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান জানান, রাজবাড়ীটি এক সময় অবহেলিত ছিল ২০১৫ সাল থেকে সংস্কার করে ২০২১ সালে পর্যটনের জন্য উন্মুক্ত করা হয়েছে ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট