বাগমারায় সরকারি জমি দখল চেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার, বাগমারা :
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর মৎস্যজীবী দলে সভাপতি আব্দুস সাত্তারের বিরুদ্ধে সরকারি জমিজমা দখল চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কসবা মহল্লার এ ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয়রা। লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর একডালা মহল্লায় সাবেক জীবন উন্নয়ন ফাউন্ডেশনের পাশে মূল্যবান ৫ শতাংশ সরকারি খাশ জমিজমা রয়েছে। এর পাশেই কসবা মহল্লার মৃত তয়েজ মন্ডলের প্রভাবশালী দুই পুত্র আব্দুস সাত্তার এবং আব্দুল মালেক কিছু জমি ক্রয় করেন। এর পর তাঁদের কুনজর পড়ে ওই খাস জমিজমার উপর।
ওই জমির উপর একটি কেজি স্কুল ছিল। সেটিও প্রভাবশালীরা বন্ধ করে দেয়। এরপর তাঁরা মরিয়া হয়ে নানা কূটকৌশল অব্যাহত রেখেছেন জমিটি কব্জায় নেয়ার।
স্থানীয় সূত্র জানিয়েছে, ওই মহল্লায় প্রতি শতক জমি ৫/৬ লক্ষ টাকায় বিক্রয় হয়ে থাকে। অভিযোগে জানা গেছে, কসবা মৌজায় কিছু খাস পুকুর রয়েছে। বৈধ সমিতি তা লিজ গ্রহণ করে। পরবর্তীতে মসজিদের উন্নতিকল্পে মুসল্লিরা লিজ ক্রয় করেন। কিন্তু আব্দুস সাত্তার এবং আব্দুল মালেকের পরিবার ওই পুকুরে নানা আবর্জনা পশু পাখীর বিষ্ঠা ফেলে মাষ চাষের অনুপযোগী করে ফেলেন। যার কারণে কেউ ওই পুকুর লিজ গ্রহণ করতে চায় না। তাদের দাপটে এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করে।
এসব ব্যাপারে আব্দুস সাত্তারেরর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওখানে খাস জমি নেই। থাকলেও সেটি রাস্তা। স্কুল তুলে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমার জমিতে স্কুল রাখতে দিব না এটাই স্বাভাবিক। আমার খামারে বর্তমানে কোন গরু নেই। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের অর্ধ শতাধিক লোকজনের স্বাক্ষর সম্বলিত লিখিত একাধিক অভিযোগ বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর দাখিল করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
