পদ্মা পাড়ে শুরু হচ্ছে  ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বাঘা প্রতিনিধি:

‘জোরসে মাঝি হেইয়ো’ স্লোগানে মুখরিত হতে চলেছে রাজশাহীর বাঘার পদ্মা পাড়। হাজার বছরের লোকজ সংস্কৃতি ও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। চলবে ১০ তারিখ পর্যন্ত। বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাড়ী বাজারে পদ্মা নদীতে এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় লক্ষ টাকার প্রাইজমানি রাখা হয়েছে।

নৌকা বাইচকে ঘিরে ইতোমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বাঘা, চারঘাট ও লালপুর সহ আশপাশের এলাকায়। ‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’ – এমন লোকজ গান, ঢোল-করতাল, বাঁশির সুরে মাঝি-মাল্লারা নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। দাঁড় টানার কসরত আর নৌকা চালনার কৌশলে বিজয় ছিনিয়ে নিতে তালে তালে বৈঠা চালাবেন তারা। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে বসবে বিশাল গ্রামীণ মেলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। উদ্বোধক হিসেবে থাকবেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, মেলায় প্রায় ৫০০ ছোট-বড় দোকান বসে। মৃৎশিল্পসহ গ্রামীণ ঐতিহ্যের নানা পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দর্শকদের নিরাপত্তা ও আনন্দের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকার পতনের দুই বছর পর এবার নৌকা বাইচ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। নৌকা বাইচ মেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডাবলু সরকার জানান, সর্বশেষ নৌকা বাইচ মেলার আয়োজন ছিল ২০২৩ সালের এই সময়ে। আয়োজক কমিটির সভাপতি তোজাম্মেল হক জানান, হারিয়ে যেতে বসা লোক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আশা করছি হাজার হাজার দর্শকের সমাগমে এটি একটি সফল উৎসবে পরিণত হবে।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, উৎসবের কয়দিন নিরাপত্তায় পুলিশ ও গ্রাম পুলিশ থাকবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট