বিএমডিএর সেচযন্ত্র পরিচালনায় প্রশিক্ষণ

বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনা আরও কার্যকর, টেকসই ও আধুনিক করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের জন্য সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে ২(দুই) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) রাজশাহী বিএমডিএ’র প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এবং সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ঢাকার সার্বিক সহযোগিতায় ৭ ও ৮ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণের উদ্ভোধন করেন প্রধান অতিথি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ) নির্বাহী পরিচালক (গ্রেড-২) মো: জাহাঙ্গীর আলম খান।

অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মো: জিন্নুরাইন খান তত্ত্বাবধায়ক প্রকৌশলী গবেষণা ও প্রশিক্ষণ শাখা বিএমডিএ। এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল লতিফ তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএমডিএ’র সচিব মোঃ মেহেদী হাসান, মোঃ তোফাজ্জল আলী সরকার নির্বাহী প্রকৌশলী, এ,এস.এম দেলোয়ার হোসেন নির্বাহী প্রকৌশলী।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম খান বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন অনেকাংশেই সেচ ব্যবস্থার ওপর নির্ভরশীল। তাই সেচযন্ত্র ও সংশিষ্ট অবকাঠামোর সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তা-কর্মচারীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে সেচ ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনতে হবে। সেচযন্ত্রে ছোটখাটো ত্রুটি সময়মতো শনাক্ত ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা গেলে বড় ধরনের ক্ষতি এবং অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব। মাঠপর্যায়ে কৃষক যেন নিরবচ্ছিন্ন ও সময়মতো সেচ সুবিধা পান, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিএমডিএ’র সেচ ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও সাশ্রয়ী করতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি। কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মো: কাজী আশেকুর রহমান নির্বাহী প্রকৌশলী গবেষণা ও প্রশিক্ষণ শাখা বিএমডিএ। খান জাফরুল মেহেদী মাহমুদ উপ-সহকারী প্রকৌশলী, মো: হাবিবুর রহমান মেকানিক, মো: আপেল মাহমুদ সহকারী মেকানিক, মো: শাহ জামান কার্য-সহকারী, মো: শহিদুল ইসলাম সহকারী মেকানিক, মো: জহিরুল ইসলাম মেকানিক সহকারী(অনিয়মিত)সহ রাজশাহী, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, চাটমোহর ও পাবনাসহ বিভিন্ন জোন ও রিজিয়নএর মোট ৩০জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিএমডিএ’র সংশিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কারিগরি কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন। 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট