গ্রেপ্তার

নগরীতে পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৭ কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা ও কর্ণহার থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ গ্রাম হেরোইন, ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নগর পুলিশ জানায়, শুক্রবার  রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি বিন্দুর মোড় এলাকায় অভিযান চালিয়ে মোহনপুরের বড়ইকুড়ি গ্রামের তাসের আলীর ছেলে ওবায়দুল হোসেনকে (৪০) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই রাতে শিল্পনগরী পুলিশ ফাঁড়ি পৃথক অভিযানে মালদা কলোনী এলাকা থেকে বখতিয়ারাবাদ গ্রামের হাসের আলীর ছেলে রিফাতকে (২০) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। রাত সাড়ে ১১টার দিকে মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের নওশাদ আলীর ছেলে আরিফ হোসেন ডলারকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঠানপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাজুকে (৫৫) ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগী দরগাপাড়া গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে আলম মিয়া (৫৮) পালিয়ে যায়। রাজুর বিরুদ্ধে রাজপাড়া থানায় দুটি ও বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দক্ষিণ বালিয়া এলাকায় অভিযান চালিয়ে মুন্না (২৯) নামের আরও একজনকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। একই দিন চন্দ্রিমা থানা পুলিশ ললিতাহার উত্তরপাড়া থেকে ইনসার আলীকে (৪৯) ৩৫ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির ৫ হাজার ১৫০ টাকা উদ্ধারসহ গ্রেপ্তার করে। রাতে কর্ণহার থানা পুলিশ কুপেরহাট এলাকায় মাদক সেবনরত অবস্থায় বাবলু ওরফে বাবুকে (৪৩) গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট