নগরীতে মাদকবিরোধী অভিযানে ১৪ মাদক কারবারী গ্রেপ্তার
স্টাফরিপোর্টার
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে এসকাফ সিরাপ, গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গত রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় কাটাখালী, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা, শাহমখদুম, পবা ও মতিহার থানা পুলিশ এবং আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম এসব অভিযান চালায়।
নগর পুলিশ জানায়, কাটাখালী থানা পুলিশ সন্ধ্যা পৌনে ৬টার দিকে নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করে। তার কাছ থেকে এক বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন ওরফে ইকবাল (৩০) ও মো. জিন্নাহকে (৩২) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে এবং পলাতক সুজন হোসেনের ফেলে যাওয়া মোট ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জিন্নাহ দীর্ঘদিন ধরে ইকবাল ও সুজনের সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন। চন্দ্রিমা থানা পুলিশ খড়খড়ি বাইপাস এলাকা থেকে আমির হোসেনকে (২৭) গ্রেপ্তার করে। তার কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাহমখদুম থানা পুলিশ নওদাপাড়া আমচত্ত্বর এলাকা থেকে সাগর আলী (৩৬), ফারুক আলী (৩৪) ও সাব্বির হোসেন ওরফে আকাশকে (৩১) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সাগরের বিরুদ্ধে তিনটি এবং সাব্বিরের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
এদিকে পবা থানা পুলিশ তরফ পারিলা এলাকা থেকে বাবু হোসেনকে (৫৪) ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে। মতিহার থানা পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকা থেকে জিল্লুর রহমান ওরফে রনি (৩৯) ও সুজনকে (২৬) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে সাত পিস ট্যাপেন্টাডল ও এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। রনির বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এ ছাড়া বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়ার জিরো পয়েন্ট এলাকা থেকে মানিক চাঁদ সওদাগর (৩৫), সাব্বির হোসেন (২০) ও সাদ্দাম হোসেনকে (১৯) গ্রেপ্তার করে। মানিকের কাছ থেকে ৫৯ পিস ট্যাপেন্টাডল ও ১৬ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সাব্বির ও সাদ্দাম দীর্ঘদিন ধরে মানিকের সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল সোমবার দুপুরে মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার কেদুর মোড় নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে রুবেল আলীকে (৩০) গ্রেপ্তার করে। এসময় রবিউল ইসলাম রবির স্ত্রী তসলিমা খাতুন (৫০) পালিয়ে যায়। এসময় রুবেলের কাছ থেকে ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নগর পুলিশ।
