নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোট
রাজশাহীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম ও কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় নারীসহ তিন মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
নগর পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগান এলাকায় অভিযান চালিয়ে মোসা. সুর্বণা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত আরশেদের মেয়ে ও আশিকের স্ত্রী। তার হেফাজত থেকে ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৫ হাজার ২০ টাকা জব্দ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. হাসিব মাহমুদ ওরফে বিশালের (২৩) বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৪০ পিস ইয়াবা এবং ১ হাজার ১৪০ টাকাসহ গ্রেপ্তার করে। সন্ধ্যা ৭টার দিকে গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানার উপশহর ২ নম্বর সেক্টরের নিয়াজ মোর্শেদ রাব্বি (৩৪) ও হোসেন প্রামাণিককে (৩৪) গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়। রাত ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ রনহাট পশ্চিমপাড়া গ্রামের মো. এরশাদ আলীর ছেলে মো. হৃদয়ের (২৮) বাড়িতে অভিযান চালিয়ে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকজৃতদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
