দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে দলে গ্রহণযোগ্যতা থাকবে না : এমপি চাঁদ
বাঘা প্রতিনিধি
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, বিগত সময়ে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। আমরা সেই পরিবেশ ফিরিয়ে আনতে চাই। শিক্ষার্থীরা আমাদের সম্পদ, তাই তাদের নিয়মিত পাঠদানের দায়িত্ব আপনাদের। এতে শিক্ষকদের কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। কলেজের বহুতল ভবনসহ প্রাচীন নির্মাণ ও নিচু জায়গা ভরাটের কাজ করা হবে। গতকাল সোমবার সকাল ১১টায় বাঘা উপজেলার মনিগ্রাম আদর্শ মহাবিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু সাঈদ চাঁদ আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। দেশে তখন দুর্ভিক্ষ ছিল, ঠিক এমন সময়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসেন। খাদ্য ঘাটতি পূরণের জন্য খাল খননের মাধ্যমে চাষাবাদ করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করে দিয়েছেন। বিএনপি সাধারণ মানুষের দল। জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন আর আওয়ামী লীগ সেটাকে ধ্বংস করেছে। সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। জামায়াতে ইসলামের সমালোচনা করে তিনি বলেন, আপনারা জোট বাদ দিয়ে নির্বাচনে গিয়ে ৩টা সিট পেয়েছিলেন, বিএনপি এবার নির্বাচন করে ২১৯টা সিট নিয়ে ক্ষমতায় বসেছে। সুতরাং বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যতই করুন তাতে কোনো কাজ হবে না। তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী, এটাই আন্দোলনের সফলতা। অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশে এমপি বলেন, আমাকে কাজ করার সুযোগ দিন। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সর্বক্ষেত্রে উন্নয়ন হবে। কৃষকরা কৃষি কার্ড পাবেন, ফ্যামিলি কার্ড সবাই পাবেন। রসিকতা করে তিনি বলেন, আমার স্ত্রী মারা গেছে, যদি আমি দ্বিতীয় বিয়ে করি তাহলে আমিও ফ্যামিলি কার্ড পাব।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা নির্বাচন করতে চান তারা জনগণের কাছে যান, ভোটারদের মন জয় করেন, তারপরে নির্বাচনে আসেন। কঠিন হুঁশিয়ারি দিয়ে এমপি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ ব্যবসা-চাঁদাবাজি করলে দলে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, সে যত বড়ই হোক। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে এমপিকে সংবর্ধনা প্রদান করেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাইনুল ইসলাম আলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, সাবেক জিএস ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন। সঞ্চালনা করেন প্রভাষক হাফিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বিএনপি নেতা মুজিবর রহমান জুয়েল, হেলাল উদ্দিন রিয়াল ও আব্দুস সামাদ মুকুল। এ সময় ‘অশ্রু পেরিয়ে সম্মানের মঞ্চে’ শীর্ষক স্বরচিত কবিতা পাঠ করেন অনার্স পাশ ছাত্রী জুলাসফি সরকার জুঁই।
