এশিয়ান গেমসে ১৩ বছর বয়সী সাঁতারুর রেকর্ড

এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণ জয়ের পাশাপাশি গেমস রেকর্ড গড়েছেন চীনের ১৩ বছর বয়সী সাঁতারু ইউ জিদি। আগামী মাসে ১৪ বছরে পা দিতে যাওয়া এই স্কুলছাত্রী নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ৫.০৮ সেকেন্ড সময় নিয়ে গেমস রেকর্ড গড়েন। তার ক্যারিয়ারের এটিই প্রথম বড় কোনও শিরোপা। দুই বছর পর অনুষ্ঠিতব্য লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে তাকে নিয়ে আরও বড় স্বপ্ন দেখছে চীন। পদক পাওয়ার পর হাসিমুখে ইউ বলেন, “এটা মোটামুটি হয়েছে।” গত বছর মাত্র ১২ বছর বয়সে রিলে ইভেন্টে ব্রোঞ্জ জিতে ইউ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পদকজয়ী হয়েছিলেন। এবারের এশিয়ান গেমসে যে তিনটি খেলা টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে, সাঁতার তার মধ্যে অন্যতম। গেমসের বাকি প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হচ্ছে নাগোয়া ও আইচি প্রিফেকচারে। পুলে চীনই সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথম দিন সাতটি সোনার মধ্যে ছয়টিই জিতে নিয়েছে চীন। সূত্র: বাসস
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট