নগরীতে বিএসটিআই’অভিযানে জরিমানা
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন একটি লাইভ বেকারিকে আজ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাহেব বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি এবং উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজনসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় পিওর লাইভ ফুড বেকারি এন্ড পেস্ট্রি প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর এর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
