রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৩০ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
রাজশাহী রেঞ্জে পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশ বিভিন্ন অপরাধে তাদের আটক করে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় ৭৩টি মামলা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে খুনের ঘটনা ঘটেছে ২টি, চুরির মামলা ৪টি, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা ২টি এবং অন্যান্য খাতে মোট ৬৫টি মামলা হয়েছে। তবে আলোচিত সময়টিতে খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৪টি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে গত ২৪ ঘণ্টায় রেঞ্জ জুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ৮৭ জন, সাজাপ্রাপ্ত ১৪ জন, তদন্তাধীন মামলার ১১৪ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১৫ জন রয়েছেন। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ১টি বার্মিজ চাকু, ১০১ গ্রাম হিরোইন, ২৮১ পিস ইয়াবা, ১০ বোতল বিদেশি মদ, ২১১ পিস ট্যাপেন্টাডল এবং ৫০ গ্রাম গাঁজা। তবে এ সময় কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি। অন্যদিকে, জনসেবামূলক কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় মোট ১,০২৩ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে এ সেবাসংখ্যা দাঁড়িয়েছে ১৫,৫০১ জনে।
