রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সাড়ে ৫শ’ অবকাঠামোয় চলছে  ১২০০ শয্যার হাসপাতাল

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৫৫০ শয্যার অবকাঠামো দিয়ে চলছে ১ হাজার ২০০ শয্যার চিকিৎসা কার্যক্রম। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা যেমন ভোগান্তিতে পড়তেন, তেমনি সেবা দিতে নানা সমস্যার সম্মুখীন হন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। দীর্ঘদিনের এসব সংকট নিরসনে বড় উদ্যোগ নিয়েছে সরকার। হাসপাতালের শয্যাসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে অবকাঠামো সম্প্রসারণ, সংস্কারকাজ, চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক সরঞ্জাম সরবরাহের কাজ শুরু হবে চলতি বছরের শেষ দিকে। পাশাপাশি ১ হাজার ২০০ শয্যার সঙ্গে ১০০টি আইসিইউ বেড স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। পরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, ২০১৩ সালে হাসপাতালটি ৫৫০ শয্যা থেকে ১ হাজার ২০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু শয্যাসংখ্যা বাড়ানো হলেও সে অনুযায়ী চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, চিকিৎসা সরঞ্জাম এবং অবকাঠামো সম্প্রসারণ করা হয়নি। ফলে ৫৫০ শয্যার জনবল ও অবকাঠামো দিয়েই বর্তমানে অনেক বেশি রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। এতে প্রতিদিন হাসপাতালের সক্ষমতার তুলনায় প্রায় ২৫০ থেকে ৩০০ শতাংশ রোগীর চাপ তৈরি হচ্ছে।তিনি বলেন, শুধু রামেক হাসপাতাল নয় দেশের আরও সাতটি পুরোনো মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শয্যাসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় জনবল চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রয়োজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরের শেষ দিকে রামেক হাসপাতালের সম্প্রসারণ ও সংস্কারকাজ শুরু হবে। আগামী বছরের মধ্যে কাজগুলো সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরও বলেন, উত্তরাঞ্চলের ভৌগোলিক বাস্তবতায় এ অঞ্চলে সাপের উপদ্রব তুলনামূলক বেশি। ফলে রামেক হাসপাতালে প্রতিনিয়ত সাপে কাটা রোগী আসেন। কিন্তু প্রয়োজনীয় অ্যান্টিভেনম ও অন্যান্য চিকিৎসা উপকরণের সীমাবদ্ধতার কারণে অনেক সময় রোগীদের যথাযথ সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। এ সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় অ্যান্টিভেনম ও ওষুধের সরবরাহ নিশ্চিত করা হবে।ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের পাঁচটি স্থানে ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালের অবকাঠামোগত নির্মাণকাজ শেষ হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য জনবলের পদ সৃষ্টির প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র সংগ্রহের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে একযোগে পাঁচটি শিশু হাসপাতালের উদ্বোধন করবেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মাহমুদা হাবিবা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট