নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, অ্যালকোহল, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। একই অভিযানের ধারাবাহিকতায় একজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়; তার মোবাইল ফোনে ২৬টি জুয়া ও বেটিং অ্যাপস পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। গত ২২ ও ২৩ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া, পবা, এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি এবং কর্ণহার থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। নগর পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১০টার দিকে রাজপাড়া থানা পুলিশ আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়ন ইসলাম ওরফে মোত্তাকিমকে (২১) ১১টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। রাতে সোয়া ৯টার দিকে পবা থানা পুলিশ নওহাটা বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে অভিযান চালিয়ে হাসেম আলীকে (৬০) ১০৮ বোতল বা ৩ হাজার ২৪০ মিলিলিটার অ্যালকোহলসহ গ্রেপ্তার করা হয়। হাসেম আলীকে এর আগে গত ১৪ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। রাত পৌনে ৯টার দিকে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে সানোয়ার হোসেনকে (৪৩) ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। মাদক সরবরাহে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। রাত সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ উত্তর লক্ষ্মীপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (৪৪) ও হযরত আলীকে (৪৫) ১৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। জাহিদুলের বিরুদ্ধে পবা থানায় দুটি এবং রাজশাহীর তানোর থানায় একটি মাদক মামলা রয়েছে। রাত সোয়া ২টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার ভেড়ীপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে নুর ইসলামকে (৩৫) ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে। তার মোবাইল ফোন তল্লাশি করে ২৬টি জুয়া ও বেটিং অ্যাপস পাওয়া যায়। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
