৮ কেজি হেরোইনসহ আটককৃতরা ভাইবোন রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন ও দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৪        

স্টাফ রিপোর্টার

৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন ও দু’টি বিদেশি পিস্তল, গুলিসহ ম্যাগজিন এবং নগদ টাকা উদ্ধার করেছে এসআরবি-৫। এ সময় নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসাঅরবি-৫) রাজশাহীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক।

তিনি জানান, রোববার রাতে (২৩ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী মহানগরে এই অভিযানগুলো পরিচালনা করা হয়। এসআরবি-৫ এর একটি যৌথ আভিযানিক দল রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছা. ময়না বেগম এবং শাহাদত হোসেনকে আটক করে। তারা ভাইবোন। পরে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না বেগম ও শাহাদত হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

তিনি আরও জানান, অপর একটি আভিযানিক যৌথ দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রাণীগর হাটপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত আহসান আলী এবং আব্দুর রহিমকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের বসতবাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে দু’টি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দু’জন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আসামি আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আগে থেকেই একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতি মামলা এবং একটি গুরুতর জখমের মামলা রয়েছে। অন্যদিকে, অপর  আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এদিকে, অস্ত্রসহ আটককৃতদের কোনো দলীয় পরিচয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, বিষয়টি এখনও আমরা জানিনা। তদন্তের পর সব জানা যাবে। এসব অস্ত্র কি কাজে ব্যবহার করা হতো তাও জানা যায়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬ মাসে তারা মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল, প্রায় ১৬ কেজি গান পাউডার উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ৯ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ ছাড়া গত ছয় মাসে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অপরাধ দমনে এসআরবি-৫ এর অভিযান অব্যাহত থাকবে।এ সময় এসআরবির অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট