রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা পরিচালকের সঙ্গে মতবিনিময়
রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মোঃ আল আমীন মল্লিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ তৌহিদ হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন সাবু, কার্যনির্বাহী সদস্য মোঃ আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, মোঃ আশরাফুল ইসলাম, আতিক শাহরিয়ার এবং রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জানারিয়া ইকবাল অন্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী জেলা ইউনিটের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা রাজশাহী জেলা ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি
