মুসলিমদের ওপর দমন-পীড়ন: ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার দাবি মার্কিন কমিশনের
ভারতে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার আড়ালে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ)। সংস্থাটি জানিয়েছে, দেশব্যাপী এই সংশোধনী অভিযানে কয়েক কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং অনেক ভারতীয় মুসলিমকে ‘বিদেশি’ আখ্যা দিয়ে অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, “ভারত সরকার ভোটার তালিকা থেকে মুসলিম নাগরিকদের নাম কেটে দিয়ে তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে এবং এখন অবৈধভাবে দেশ থেকে বিতাড়িত করছে।” তিনি আরও উল্লেখ করেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলার পর থেকেই এই ধরপাকড় ও দমন-পীড়ন জোরদার হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর অমিত শাহ দাবি করেছিলেন, বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়া ৩ কোটি ভোটারই ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’। এরপর ৫ নভেম্বর হরিয়ানার এক নির্বাচনী সমাবেশে তিনি আরও একধাপ এগিয়ে বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পরবর্তীতে তাদের একজন একজন করে ধরে দেশ থেকে বের করে দেওয়াই বিজেপির সংকল্প।
ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার ছাঁটাই
ভারতের ইতিহাসে এবারই সবচেয়ে বড় আকারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ১৩ কোটি নাম কাটা পড়েছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দুই ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৭ কোটি ২০ লাখ নাম বাদ দেওয়া হয়। চলমান তৃতীয় ধাপে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এখন পর্যন্ত আরও ৬ কোটি ১৬ লাখ নাম কাটা হয়েছে।
২০২৫ সালে বিহারে এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয় এবং ২০২৬ সালে এসে তা বিস্তৃত হয়। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বৈষম্যের শিকার হওয়া ভারতের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরাই এই ছাঁটাইয়ের প্রধান শিকার হচ্ছেন।
কলকাতাভিত্তিক গবেষণা সংস্থা ‘সাবার ইনস্টিটিউট’-এর তথ্যমতে, চলতি বছরের শুরুর দিকে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখ ভোটারের নাম কাটা হয়েছিল। নিবিড় পর্যালোচনায় বাদ পড়া ২৭ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭০ শতাংশই ছিলেন মুসলিম, অথচ রাজ্যের মোট জনসংখ্যায় মুসলিমদের হার ২৭ শতাংশ। ওই নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বিজেপি। সংস্থার প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ক্ষমতাসীনদের প্রতি অসন্তোষ থাকলেও পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে।
ভোটার তালিকা থেকে বাদ ও বাংলাদেশে পুশ-ইনভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি কোনো ব্যক্তির বিদেশি হওয়ার প্রমাণ না হলেও এটিকে অবৈধ অভিবাসী শনাক্ত ও বিতাড়নের অভিযানের সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে। গত মে মাসে ভারতের সুপ্রিম কোর্ট এই সংশোধনী প্রক্রিয়ার বৈধতা দিলেও স্পষ্ট জানিয়েছিলেন, এর অর্থ এই নয় যে নির্বাচন কমিশন কারও ভারতীয় নাগরিকত্ব নির্ধারণ করতে পারবে। সূত্র: ইনকিলাব
