শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। চতুর্থ দিন মাত্র দুই ওভারের মধ্যে শ্রীলঙ্কার শেষ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। এরপর ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩ ওভারেই জয় নিশ্চিত করে পাকিস্তান। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন মোহাম্মদ আব্বাস। এই ইনিংসে তাঁর শিকার তিন উইকেট। প্রথম ইনিংসেও তিন উইকেট নিয়েছিলেন তিনি। ফলে ম্যাচে মোট ছয় উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই পেসার।
৯০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেন আমের জামাল। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা। অন্য প্রান্তে আজান আওয়াইস ৩৬ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। পাঁচটি চার মারেন তিনি। তবে রান তাড়ার পথে দুটি উইকেট হারায় পাকিস্তান। লাহিরু কুমারা তৃতীয় ওভারে তায়্যব আরিফকে বোল্ড করেন। পরের ওভারে মোহাম্মদ তাহাকে এলবিডব্লিউ করেন আসিথা ফার্নান্দো। কিন্তু এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি জামাল ও আওয়াইস। এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ৩২৫ রানের জবাবে শ্রীলঙ্কা মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ৩১৬ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০ রান।
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে সোনাল দিনুশা ৫৪ ও কুশল মেন্ডিস ৫৩ রান করেন। শেষ দিকে রাথনায়েকে ৬৬ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে আমের জামাল ও মোহাম্মদ আব্বাস তিনটি করে উইকেট নেন। রাজাউল্লাহ শিকার করেন দুটি উইকেট। এই জয়ে পাঁচ ম্যাচ পর টেস্টে জয়ের দেখা পেল পাকিস্তান। অন্যদিকে জুনে ১২ মাসের বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরার পর থেকে ছয়টি টেস্ট খেলেও এখনো জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে দুই দলের কারও বাস্তবসম্মত সম্ভাবনা না থাকায় ফলটি পয়েন্ট টেবিলের বিচারে খুব বেশি প্রভাব ফেলবে না। তবে টেস্ট ক্রিকেটে নিজেদের পরীক্ষা-নিরীক্ষার ফল নিয়ে পাকিস্তান যে শ্রীলঙ্কার চেয়ে বেশি সন্তুষ্ট থাকবে, তা বলাই যায়। সূত্র: ইনকিলাব
