ভারতে মসজিদ ধ্বংসের খবর প্রকাশ করায় সাংবাদিক পূজার বিরুদ্ধে মামলা
উত্তরপ্রদেশে সাহারানপুর ঐতিহাসিক কালেক্টরেট মসজিদ ধ্বংসের খবর প্রকাশ করায় সাংবাদিক পূজা মাথুরের বিরুদ্ধে একটি অভিযোগ ও এফআইআর দায়ের করা হয়েছে। একটি পত্রিকার মাধ্যমে এই এফআইআর-এর কথা জানতে পেরেছেন বলে জানান মাথুর। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন—ঘটনা তুলে ধরা এবং কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলার জন্য কি সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা করা যেতে পারে? স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত পুলিশের বক্তব্য অনুযায়ী, সাব-ইন্সপেক্টর রাজকুমার গৌতম জানান যে, গত ৭ সেপ্টেম্বর “পূজা মাথুর” নামের একটি এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি পোস্ট পুলিশের নজরে আসে। পুলিশের দাবি, ওই পোস্টে বলা হয়েছিল যে প্রায় ১২০ বছরের পুরোনো কালেক্টরেট মসজিদটি ভেঙে ফেলার পর ধ্বংসস্তূপের সঙ্গে ধর্মীয় জিনিসপত্র, বই এবং ইমামের পোশাক সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এই পোস্টটিকে আপত্তিজনক বলে গণ্য করে এবং ওই অ্যাকাউন্টের সাথে যুক্ত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
এছাড়া, ‘রেড চিলি লাইভ’ নামক ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিওর সূত্রে মাথুরের বিরুদ্ধে আলাদা আরেকটি মামলা করা হয়েছে। সাব-ইন্সপেক্টর সত্যেন্দ্র কুমার শর্মা জানান, ভিডিওর শিরোনাম ও বিষয়বস্তু—উভয় নিয়েই পুলিশের আপত্তি ছিল। তবে মাথুরের বিরুদ্ধে কোন কোন নির্দিষ্ট আইনি ধারা প্রয়োগ করা হয়েছে, তা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়নি।
‘সত্য তুলে ধরা কি অপরাধ?’ পুলিশের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় মাথুর বলেন, উচ্ছেদস্থলে তিনি যা নিজে দেখেছেন এবং স্থানীয় বাসিন্দারা তাঁকে যা জানিয়েছেন, তার ওপর ভিত্তি করেই তিনি এই প্রতিবেদন তৈরি করেছিলেন।
“সত্য তুলে ধরা কি অপরাধ?” প্রশ্ন করেন তিনি। মাথুর জানান, তিনি ঘটনাটি নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং ধ্বংসের সময় যা ঘটেছে তা নিয়ে কেবল প্রশ্ন তুলেছেন। “আমি সেখানে যা দেখেছি এবং মানুষের কাছ থেকে যা শুনেছি, তা-ই হুবহু তুলে ধরার চেষ্টা করেছি,” বলেন তিনি। আইন ও বিচার প্রক্রিয়ার প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে জানিয়ে মাথুর বলেন, কিন্তু সাংবাদিকতার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার মতো বিষয় পুরো ব্যবস্থার ওপর প্রশ্ন তোলে। “সত্য দেখানো এবং প্রশ্ন করার মাসুল যদি একজন সাংবাদিককে এফআইআর-এর মাধ্যমে দিতে হয়, তবে সাধারণ মানুষের কথা কে তুলে ধরবে?” ক্ষোভ প্রকাশ করেন তিনি। সূত্র: ইনকিলাব
