দুর্গাপুরে বিল থেকে মরদেহ উদ্ধার

দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া এলাকায় একটি বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার হাটকানপাড়া এলাকায় বিদ্যুৎ অফিসের উপকেন্দ্রের পশ্চিম পাশে হাফেজিয়া মাদ্রাসার পাশের একটি বিলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তি বাগমারা উপজেলার সোনাডাঙা ইউনিয়নের ভরট্ট গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৫০)। তিনি রমজান আলীর ছেলে।

স্থানীয় গ্রাম পুলিশ বাবুল হোসেন বলেন, কয়েকজন কৃষক জমিতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। পরে আমি বিষয়টি থানায় জানাই।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ বলেন, স্থানীয়দের দেওয়া ৯৯৯ নম্বরে ফোনকলের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ওসির নির্দেশনায় মরদেহটি মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করা হলেও শরীরের কোথাও দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলেই এক স্বজনের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, মরদেহটি থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট