জমির দখল ফিরে পেলেন মালিক
স্টাফ রিপোর্টার :
দীর্ঘদিন ধরে জমি দখল করে রাখার অভিযোগের অবসান ঘটিয়ে আইনি লড়াইয়ে জয় পাওয়ার পর অবশেষে নিজের জমির দখল ফিরে পেলেন চাকরিজীবী মো. ফাহিম শাকিল। জানা যায়, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে হলগ্রাম মৌজায় মো. ফাহিম শাকিলের জমি দখলে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে যান ভুক্তভোগী ফাহিম শাকিল। অবশেষে আদালতের রায় তার পক্ষে আসায় জমি ফিরে পাওয়ার পথ সুগম হয়।
এরই ধারাবাহিকতায় বড়কুঠি ভূমি অফিসের উদ্যোগে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা-কর্মচারীরা সরেজমিনে অভিযান পরিচালনা করে জমিটি উদ্ধার করেন এবং প্রকৃত মালিক মো. ফাহিম শাকিলকে বুঝিয়ে দেন। পাশাপাশি সরকারি জমির সীমানা চিহ্নিত করতে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়।
বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল কবির মিজান বলেন, “আদালতের রায় ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে আইনানুগ প্রক্রিয়ায় জমিটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ভূমি অফিসের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আইনের যথাযথ প্রয়োগ এবং প্রকৃত মালিকের অধিকার নিশ্চিত করার এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
