নগরীতে গণতান্ত্রিক সংলাপে অতিরিক্ত বিভাগীয় কমিশনার পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি
স্টাফ রিপোর্টার
বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আকতার জাহান। তিনি বলেছেন, প্রচলিত আইন মেনে দীর্ঘমেয়াদি, টেকসই ও কার্যকর উদ্যোগ নিতে হবে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহীর নানকিং দরবার হলে আয়োজিত বিভাগীয় গণতান্ত্রিক সংলাপ ও যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী ও নওগাঁ জেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এনগেজ (ঊঘএঅএঊ) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় শাহানা আকতার জাহান আরো বলেছেন, ‘পরিবেশগত সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় প্রচলিত আইনের আলোকে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়ন জরুরি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিতে হবে।’ সংলাপে রাজশাহী ও নওগাঁ জেলার ৪০ জন সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন। তাঁরা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সৃষ্ট নানা সংকট তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পানির সংকট, বিকল্প পানির উৎসের অভাব, খাসপুকুর ভরাট ও ইজারা, অপরিকল্পিত সেচের মাধ্যমে ভূগর্ভস্থ পানির অপচয়, ইটভাটার দূষণ এবং পলিথিন ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। এসব সমস্যা সমাধানে বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি টেকসই উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন অংশগ্রহণকারীরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. একরামুল হক খান। প্রকল্পের উদ্দেশ্য ও আলোচ্য বিষয় নিয়ে উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট কাউন্সিলর ও গ্রিন ইকোনমি অ্যান্ড পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান মি. তুবাইশ বেয়ারম্যান, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার মিজ লুলে ভ্যালেন্টিনা লুচিজ এবং নেটজ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স স্টাইলো। অনুষ্ঠানে নেটজ বাংলাদেশের এনগেজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সারা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম খানসহ রাজশাহীর সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
