সিংড়ায় পৃথক ঘটনায় নারী-পুরুষের মৃত্যু
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় পৃথক ঘটনায় কমল সরকার (২৫) নামের এক দিনমজুর যুবক ও আবেজান বেগম (৬০) নামের অন্য এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। কমল সরকার উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পাড়েরা গ্রামের মৃত গনেশ সরকারের ছেলে। শনিবার সকাল ৯টায় তিনি প্রতিবেশী আলাউদ্দিন নামের এক কৃষকের জমির সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত হন। পরে ওই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, পারিবারিক কলহের জেরে নিহত বৃদ্ধা আবেজান বেগম উপজেলার ছোট বারইহাটি গ্রামের মোজাহার সরদারের স্ত্রী। গতকাল শুক্রবার বিকেল ৫টায় পারিবারিক কলহে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাটোর সদর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘পৃথক ঘটনায় এক যুবক ও অন্য এক নারীর মৃত্যু হয়েছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
