শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে  নানা জায়গায় কথা বলে ব্যর্থ দিল্লি       

বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়ে রয়েছেন, তাও সোয়া দু’বছরের ওপর হলো। ইতোমধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং কয়েকমাস আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন। আজ পর্যন্ত তিনি সেই ঘোষণাতেই অনড় আছেন, যদিও দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিনতারিখ এখনো জানাননি। শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহুর্তে তার ‘হোস্ট কান্ট্রি’ যারা, সেই ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধও প্রায় দু’বছর হতে চললো তারা ঝুলিয়ে রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বারেবারেই বলেছেন, এটি একটি আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মীমাংসা করা হবে।কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে? এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই ‘প্রত্যাবর্তনের’ পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি এবং এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে। শেখ হাসিনার ঘোষণার সঙ্গে ভারতের যোগ কতটা? সহজ উত্তর হলো, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি।অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি– দু’পক্ষই এই ব্যাপারে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটা ইস্যু হয়ে উঠেছে, এটা কোনও গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভাল সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনও দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের সে দেশে ফেরা ছাড়া আর কোনও বিকল্প নেই সেটা নিয়েও দিল্লিতে নীতি-নির্ধারকরা একমত।ভারতে আশ্রয় পাওয়া বিদেশি অতিথিদের জন্য সরকার নিয়িমিত ডিব্রিফিং-এর আয়োজন করে থাকে। শেখ হাসিনাও তার ব্যতিক্রম নন এবং এই সেসনগুলোতে তাকে ভারতের এই মনোভাবের কথা তুলেও ধরা হয়েছিল। দু’পক্ষ বিষয়টি নিয়ে সহমত হওয়ার পরেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন।প্রত্যর্পণের অনুরোধ তাহলে ঝুলিয়ে রাখা কেন?শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল ২০২৪-এর ডিসেম্বরেই। এরপর একাধিকবার সেই মর্মে তাগাদাও দেওয়া হয়েছে।ভারত আজ পর্যন্ত সেই অনুরোধে কোনও সাড়া দেয়নি– হ্যাঁ বা না কিছুই বলেনি। কিন্তু ভারত যদি সত্যিই চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, তাহলে সে অনুরোধ মেনে নিতে অসুবিধা কোথায়? সূত্র: বাংলানিউজ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট