আলিম পরীক্ষার পুনর্নিরীক্ষণের খাতা ৯-১০ নভেম্বর বোর্ডে জমার নির্দেশ

চলতি বছরের আলিম পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা পরীক্ষার্থীদের খাতা যাচাই করতে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের আগামী ৯ ও ১০ নভেম্বর খাতা বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত দুই দিনে এসব উত্তরপত্র জমা দিতে হবে। গতকাল রোববার (৮ নভেম্বর) বোর্ডের প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৯ ও ১০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত উত্তরপত্রগুলো বোর্ডে জমা দিতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের প্রধান পরীক্ষক (হেড এক্সামিনার) ও পরীক্ষকদের নিজ নিজ দায়িত্বে এসব খাতা বোর্ডে নিয়ে আসতে বলা হয়েছে।

বোর্ডের নির্দেশনায় কুরআন মাজিদ (বিষয় কোড-২০১), হাদিস শরীফ (২০২), আল ফিকহ প্রথম পত্র (২০৩), আল ফিকহ দ্বিতীয় পত্র (২০৪), আরবি প্রথম পত্র (২০৫), আরবি দ্বিতীয় পত্র (২০৬) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২০৯)-সহ বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কথা উল্লেখ রয়েছে। এ ছাড়া বিষয়ভিত্তিক প্রধান পরীক্ষকদের তালিকা এবং তাদের অধীনে থাকা পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত খাতার রোল ও ক্রমিক নম্বরও উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষকদের নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে খাতা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া আজ দুপুর ১২টায় শেষ হয়েছে। অনলাইনে কারিগরি ত্রুটির কারণে কয়েক ঘণ্টা আবেদনপ্রক্রিয়া বন্ধ থাকায় আবেদনের সময়সীমা ১২ ঘণ্টা বাড়ানো হয়েছিল।

এবার পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন করেছেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করতে পারায় মোট আবেদনের সংখ্যা শিক্ষার্থীর সংখ্যার চেয়ে বেশি হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি। সেই তুলনায় চলতি বছর আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট