দু-চারটা ককটেল বিস্ফোরণে সরকারের কিছু হবে না
মধ্যপ্রাচ্যে যুদ্ধের বাস্তবতায় বিশ্বের জ্বালানি নিরাপত্তাসহ আঞ্চলিক-আন্তর্জাতিক অর্থনীতি ও বিশ্বরাজনীতি এক গভীর সংকটকাল পার করছে। অন্যদিকে দেড় দশক ধরে লুণ্ঠনতন্ত্র কায়েম করে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করে দেশের ব্যাংকিং সেক্টর ও অর্থনীতিকে গভীর খাদের কিনারে রেখে গেছে শেখ হাসিনা রিজিম। এহেন বাস্তবতায় দেশে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে নতুন সম্ভাবনার সোপানে তুলে আনার প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। সব প্রতিবন্ধকতা অতিক্রম করেই তিনি আগামী দশক নাগাদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে চান। তিনি ইতোমধ্যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের লাগাম টেনে ধরতে শুরু করেছেন। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থানসহ অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের সমূহ সম্ভাবনা জাগিয়ে তুলেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে তাঁর মালয়েশিয়া ও চীন সফরের কর্মসূচি ছিল এ ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। চীন, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও জাপানের মতো উন্নয়ন সহযোগীদের সাথে বিনিয়োগ, শ্রমবাজার, উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতার নতুন নতুন প্রস্তাব নিয়ে এগিয়ে যাওয়ার এই সম্ভাবনাকে পতিত স্বৈরাচারের দোসর ও রাষ্ট্রবিরোধী শক্তি মেনে নিতে পারছে না। তারা দেশকে অস্থিতিশীল করে সব সম্ভাবনা নস্যাৎ করে দিতে চায়। এ লক্ষ্যেই ভারতীয় এজেন্ট ও নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা দেশজুড়ে নাশকতার অপতৎপরতা শুরু করেছে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই পতিত স্বৈরাচারের দোসরদের সাথে বিএনপির রাজনৈতিক পরিচয়ধারী একশ্রেণির নেতাকর্মীর গোপন আঁতাত দেখা গেছে। স্থানীয় রাজনীতি, পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র এবং আদালত অঙ্গনে এই আঁতাতের প্রমাণ পাওয়া যাচ্ছে। এ সময়ে পুলিশের হাতে আটক হওয়া নিষিদ্ধ সংগঠনের সদস্যরা আদালতে গিয়ে সহজেই জামিন পেয়ে যাচ্ছে। তারা জামিনে মুক্তি পেয়ে থেমে থাকছে না, বিপুল উৎসাহে বিদেশে থাকা নেতাদের নির্দেশনায় অপতৎপরতায় লিপ্ত হচ্ছে। আর এসব রাষ্ট্রবিরোধী শক্তির জামিন পাওয়ার ক্ষেত্রে সরকারি দলের পরিচয় ব্যবহারকারী একশ্রেণির উকিল মোটা অংকের অর্থের বিনিময়ে তাদের পক্ষে দাঁড়াচ্ছে। অথচ বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে মিথ্যা মামলায়ও জামিন পাওয়া এর চেয়ে অনেক বেশি কঠিন ছিল। গতকাল ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সাম্প্রতিক সময়ে পুলিশের হাতে গ্রেফতার হওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের শতকরা ৭৩ জনই জামিনে কারামুক্ত হয়েছে। গুরুতর অপরাধী, হত্যা মামলার আসামি, এমনকি ফাঁসির দ-প্রাপ্ত আসামিরাও যখন ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও আশ্রয়-প্রশ্রয় নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে ওঠে তখন তাদের সমর্থক, নেতাকর্মীদের আদালতে ছাড় পাওয়ার পেছনে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত সংশ্লিষ্টদের শৈথিল্য দেশে গুরুতর সংকটের জন্ম দিতে পারে। পুলিশ, বিজিবি, গোয়েন্দা বিভাগ ও আদালতে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দালাল ও দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে পরিস্থিতি উত্তরণ অনেক কঠিন হয়ে দাঁড়াতে পারে। সিলেটে সাবেক আওয়ামী এমপি রনজিত সরকারের বেআইনি সভা করার পেছনে মদদদাতাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতীয় এজেন্টদের যৌথ সন্ত্রাস-নাশকতাকে খাটো করে দেখার সুযোগ নেই। যেসব সীমান্ত দিয়ে আওয়ামী দুর্বৃত্তরা দেশে ঢুকছে এবং নিরাপদে পালিয়ে যাচ্ছে, সেখানকার বিজিবি কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখতে হবে। দেশে নাশকতা, অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের মতো জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন রয়েছে। বিদেশি বন্ধু ও উন্নয়ন সহযোগীরাও প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা ও সহযোগিতার হাত বাড়িয়েছেন। যেকোনো সংকট উত্তরণে দেশবাসী বরাবরই জাতীয় ঐক্যের পক্ষে। অর্থের বিনিময়ে বিএনপির একশ্রেণির নেতাকর্মীর আওয়ামী সন্ত্রাসীদের সাথে আঁতাত দেশকে অশান্ত করে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে। প্রয়োজনে তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে। এসব ক্ষেত্রে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।
