কতিপয় শ্রমিক নেতার উস্কানিতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগ সাধারণ শ্রমিকদের

বিগত প্রায় ৭ দিন ধরে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ায় ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে শিল্পাঞ্চলের পরিবেশ। কতিপয় শ্রমিক সংগঠনের নেতা ও কিছু উশৃংখল পোশাক শ্রমিকদের উস্কানিমূলক বক্তব্য এবং দায়িত্বহীন আচরণের কারণে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকরা। তাদের দাবি, শ্রমিকদের প্রকৃত সমস্যা সমাধানের পরিবর্তে কিছু নেতা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আন্দোলনকে ব্যবহার করছেন। এতে একদিকে শিল্পাঞ্চলে অরাজকতা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, অন্যদিকে সাধারণ শ্রমিক, ব্যবসায়ী, পরিবহনশ্রমিক ও এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়ছেন।

সাভার ও আশুলিয়া দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্প অঞ্চল। এখানে হাজার হাজার পোশাক কারখানায় লাখ লাখ শ্রমিক কর্মরত। তাদের জীবিকা, পরিবারের আর্থিক নিরাপত্তা এবং দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই শিল্পের সঙ্গে জড়িত। ফলে শ্রমিকদের ন্যায্য দাবি, বেতন-ভাতা, কর্মপরিবেশ ও চাকরির নিরাপত্তার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিকে কেন্দ্র করে আন্দোলন, সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, কারখানায় হামলা এবং কর্মক্ষেত্রে অস্থিরতার অভিযোগে উদ্বেগ বাড়ছে শিল্পাঞ্চলজুড়ে।

সাধারণ শ্রমিকদের অভিযোগ, কোনো কারখানায় বেতন-ভাতা কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে সমস্যা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার পরিবর্তে কিছু শ্রমিক নেতা পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য, কারখানার সামনে সমাবেশ এবং শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়ানোর মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে ফায়দা হাসিল করে।  এমনকি কোনো কোনো ক্ষেত্রে একটি কারখানার সমস্যা অন্য কারখানার শ্রমিকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ফলে পুরো শিল্পাঞ্চলে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়ায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক এমপি সালাম মুর্শিদির মালিকানাধীন স্টার লিংক পোশাক কারখানার এক সাধারণ শ্রমিক বলেন, আমরা প্রতিদিন কাজ করতে কারখানায় আসার পর কিছু শ্রমিক নেতার ইন্ধনে কারখানা কর্তৃপক্ষ আমাদের হাজিরা হয়ে গেছে এখন ছুটি বলে কারখানা থেকে বের করে দেয়। অথচ আগের দিন ছুটির ব্যাপারে আমাদের কিছুই জানানো হয় না। এটা আমাদেরকে হয়রানি করা ছাড়া আর কিছু নয়। হামিম গ্রুপের একজন শ্রমিক বলেন, প্রতিদিন আমরা কষ্ট করে কাজের জন্য কারখানায় আসার পর আমাদেরকে ছুটি দিয়ে দেয়। অথচ পূর্ব থেকে কোন ছুটির নোটিশ আমরা পাইনা। 

জামগড়ায় অবস্থিত আরেকটি পোশাক কারখানার শ্রমিক জাহানারা বেগম বলেন, আমরা কাজ করে সংসার চালাতে চাই। আমাদের বেতন নিয়ে সমস্যা থাকলে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান চাই। কিন্তু কিছু নেতা আছেন, যারা শ্রমিকদের সামনে এমন সব কথা বলেন, যাতে সবাই উত্তেজিত হয়ে পড়ে। পরে পরিস্থিতি খারাপ হলে আমাদের মতো সাধারণ শ্রমিকদেরই সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়।

সাভারের একটি পোশাক কারখানার আরেক শ্রমিকের ভাষ্য, আমরা চাই আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত হোক। কিন্তু আন্দোলনের নামে রাস্তা বন্ধ করা, গাড়ি ভাঙচুর করা কিংবা অন্য কারখানার শ্রমিকদের কাজে যেতে বাধা দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যারা এসব কাজে জড়িত তাদের কারণে সাধারণ শ্রমিকদের বদনাম হচ্ছে। শ্রমিকদের স্বার্থ রক্ষার নামে কেউ যেন নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে।

শ্রমিকদের বড় একটি অংশের অভিযোগ, কিছু শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের প্রকৃত সমস্যা সমাধানের চেয়ে নিজেদের প্রভাব বিস্তার ও নেতৃত্ব প্রতিষ্ঠায় বেশি আগ্রহী। বিভিন্ন সময়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে সাধারণ শ্রমিকদের মতামত নেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে। ফলে অনেক শ্রমিক আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা না পেয়েই পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েন।

সাভারের আল মুসলিম গ্রুপের একজন শ্রমিক  বলেন, আমাদের মধ্যে ৯০ ভাগ শ্রমিক শান্তি প্রিয় ভাবে কাজ করতে আগ্রহী কিন্তু তথাকথিত শ্রমিক নেতাদের উস্কানি এবং ৮-১০ ভাগ উশৃংখল শ্রমিকদের কারণে বারবার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পোশাক শিল্প ধ্বংস হওয়ার পথে।  হেমায়েতপুরে অবস্থিত একেএইচ গ্রুপের একজন নারী শ্রমিক বলেন, ন্যায্য দাবি থাকলে অবশ্যই তা আদায় হওয়া উচিত। কিন্তু আন্দোলনের কারণে সাধারণ মানুষ কেন ভোগান্তিতে পড়বে?

সচেতন শ্রমিকদের মতে, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন কখনোই সহিংসতা, ভাঙচুর কিংবা অন্যের চলাচলে বাধা দেওয়ার মাধ্যমে পরিচালিত হওয়া উচিত নয়। আন্দোলনের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি শ্রমিকদের ব্যবহার করে ব্যক্তিগত কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করে, তাহলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষকেও শ্রমিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। রাজনৈতিকখবর পড়ুন

এছাড়াও সাধারণ শ্রমিকরা মনে করেন এ বিষয়ে শ্রমিক নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি না ছড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া, গুজব প্রতিরোধ করা এবং শান্তিপূর্ণ কর্মসূচি নিশ্চিত করা তাদের অন্যতম দায়িত্ব। পাশাপাশি শ্রমিকদের প্রকৃত প্রতিনিধি কারা, কোন সংগঠন কী উদ্দেশ্যে কর্মসূচি দিচ্ছে এবং আন্দোলনের সিদ্ধান্তে সাধারণ শ্রমিকদের মতামত কতটা গুরুত্ব পাচ্ছে, সেসব বিষয়েও স্বচ্ছতা থাকা প্রয়োজন।

শিল্পাঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, শিল্প পুলিশ, শ্রম অধিদপ্তর, কারখানা মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা না করে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। একই সঙ্গে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, সহিংসতা কিংবা জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সাধারণ শ্রমিকদের প্রত্যাশা, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন যেন কোনো স্বার্থান্বেষী মহলের হাতিয়ারে পরিণত না হয়। তারা কাজের নিরাপদ পরিবেশ, সময়মতো বেতন এবং সম্মানজনক জীবন চান। তাদের মতে, শ্রমিকদের প্রকৃত নেতৃত্বের পরিচয় হওয়া উচিত অধিকার আদায়ের পাশাপাশি শান্তি, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট