রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মাহমুদ জামালের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ জামাল মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার ৭৪ বছর বয়সে রাজশাহী নগরের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর রাজশাহী নগরের বড় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। মাহমুদ জামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ এই সংগঠক চার দশকেরও বেশি সময় ধরে খেলাধুলার উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন।
দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া নগরের ঐতিহ্যবাহী ব্রাইট স্টার ক্লাব ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্যও ছিলেন তিনি।
