রামেক হাসপাতালে ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি রোগী
স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১ হাজার ৩০০ শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছেন ৩ হাজার ১৮৭ জন রোগী। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। গতকাল সোমবার হাসপাতালের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮০ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৫ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪০ জন রোগী।
হাসপাতালের শয্যা ব্যবহারের হার দাঁড়িয়েছে ২৬৫ দশমিক ৫৮ শতাংশে। শয্যার তুলনায় অতিরিক্ত ১ হাজার ৮৮৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বর্তমানে হাসপাতালে ১৬৬ জন ডেঙ্গু, ৫১ জন হাম এবং ৫ জন সর্পদংশনের রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালের বহির্বিভাগে ৫ হাজার ৫৯৯ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। একই সময়ে ৯৯টি বড় ও ৮৭টি ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হোসেন বলেন, রোগীর চাপ স্বাভাবিক সময়েও ধারণ ক্ষমতার তিন গুণ থাকে। কখনো তা সাড়ে তিন থেকে চারগুণে পৌঁছায়।
ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়িয়ে ৯২টি করা হয়েছে। গত কয়েক দিনে ডেঙ্গু রোগীদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ নাগাদ ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।
