দেশে কিশোর গ্যাংয়ের সক্রিয় গ্রুপ ৩৮৬ টি

কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে কেবল পুলিশি অভিযান বা গ্রেফতারই নয়; মূল হোতাদের শনাক্ত, পারিবারিক নজরদারি, সামাজিক যোগাযোগমাধ্যমের সচেতন ব্যবহার ও ঝুঁকিপূর্ণ কিশোরদের পুনর্বাসনের ওপর জোর দিচ্ছেন সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মতে, পারিবারিক দূরত্ব, শিক্ষাজীবনে অনিয়ম, অবসর সময় কাজে লাগানোর সুযোগের অভাব এবং অপরাধপ্রবণ ব্যক্তিদের প্রভাব কোনো কোনো কিশোরকে অপরাধী চক্রের দিকে ঠেলে দিতে পারে। তাই অপরাধের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়ার আগেই কিশোরদের শনাক্ত করে সহায়তা নিশ্চিত করতে হবে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রায় ৩৮৬টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় ১৫৯টি এবং ঢাকার বাইরে বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি গ্রুপের তথ্য পাওয়া গেছে। এসব গ্রুপের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি নেপথ্যের হোতা, মদদদাতা, আশ্রয়দাতা এবং মাদক ও অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, কিশোর গ্যাংয়ের সমস্যা কেবল আইনশৃঙ্খলার বিষয় নয়; এটি পরিবার, শিক্ষা, সামাজিক পরিবেশ ও কিশোরদের মানসিক বিকাশের সঙ্গেও সম্পর্কিত। ফলে অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ বাসসকে বলেন, পারিবারিক নজরদারির ঘাটতি, বাবা-মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব, পারিবারিক কলহ, শিক্ষাজীবনে অনিয়ম এবং অবসর সময় ইতিবাচকভাবে ব্যবহারের সুযোগ না থাকা কিশোরদের অপরাধী চক্রের দিকে ঠেলে দিতে পারে।অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল মনে করেন, সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, অনলাইন কার্যক্রম ও আচরণগত পরিবর্তনের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা জরুরি।স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বাসসকে বলেন, কিশোর গ্যাংয়ের হালনাগাদ তালিকা ধরে অভিযান চলছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি তাদের মূল হোতা, মদদদাতা, আশ্রয়দাতা এবং মাদক ও অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, অপরাধের ধরন, সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা এবং প্রাপ্ত আইনগত তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নজরদারি কেন গুরুত্বপূর্ণ: ঢাবির ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ বলেন, আগে যৌথ পরিবারে অন্যান্য সদস্যরা শিশু-কিশোরদের দেখাশোনা করতেন। বর্তমানে অনেক ক্ষেত্রে পারিবারিক নজরদারির ঘাটতি দেখা যাচ্ছে। বাবা-মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব, পারিবারিক কলহ, স্কুলে অনিয়মিত উপস্থিতি, স্কুল থেকে পালানো বা ঝরে পড়া এবং অবসর সময় ইতিবাচকভাবে ব্যবহারের সুযোগের অভাব কিশোরদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তিনি বলেন, শুরুতে এলাকার বড় ভাইদের অনুসরণ, আড্ডা, মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে কিশোরদের মধ্যে দলীয় সম্পর্ক গড়ে উঠতে পারে। পরে কোনো কোনো ক্ষেত্রে এসব সম্পর্কের সঙ্গে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি কিংবা অস্ত্র বহনের মতো অপরাধ যুক্ত হতে পারে।এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি। তার মতে, ঝুঁকিতে থাকা কিশোরদের চিহ্নিত করে কাউন্সেলিং, শিক্ষা অব্যাহত রাখা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। স্মার্টফোন ব্যবহারে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ: সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল বলেন, কিশোর গ্যাং কোনো একক কারণে তৈরি হয় না। সন্তান নিয়মিত স্কুলে যাচ্ছে কি না, পড়ালেখা করছে কি না, কার সঙ্গে মিশছে এবং তার আচরণে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কি না, সেসব বিষয়ে বাবা-মাকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, সন্তান মাদকাসক্তির ঝুঁকিতে পড়ছে কি না, স্কুলের বাইরে কার সঙ্গে সময় কাটাচ্ছে এবং অনলাইনে কী ধরনের কনটেন্ট দেখছে, সে বিষয়েও অভিভাবক ও শিক্ষকদের সচেতন থাকা প্রয়োজন।অধ্যাপক ফাতেমা রেজিনা ইকবাল বলেন, অনেক শিশু-কিশোর খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরিবর্তে স্মার্টফোনে দীর্ঘ সময় কাটায়। রাতে ঘুমের সময়ও ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রবণতা তাদের দৈনন্দিন জীবন ও পড়াশোনায় প্রভাব ফেলতে পারে।বিশেষজ্ঞদের মতে, কিশোরদের পোশাক, চুলের ধরন বা দলবদ্ধভাবে চলাফেরার মতো বিষয়কে এককভাবে অপরাধে জড়িত থাকার প্রমাণ হিসেবে বিবেচনা করা উচিত নয়। সূত্র: আমার দেশ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট