পারস্পরিক দোষারোপের রাজনীতি কাম্য নয়
গণঅভ্যুত্থানে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে ক্ষমতাসীনদল বিএনপি ও বিরোধীদল জামায়াতে ইসলামীর আঁতাত ও আশ্রয়-প্রশ্রয় নিয়ে পারস্পরিক দোষারোপের রাজনীতি দেশের রাজনীতিতে উত্তাপের সৃষ্টি হয়েছে। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের পারস্পরিক দোষারোপের রাজনীতির সুযোগে পতিত আওয়ামী লীগের ফেরার পথকে প্রশস্ত করবে। অরাজক পরিস্থিতি তৈরি হবে, যা দেশের স্থিতিশীলতা বিনষ্ট, এমনকি স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে। বেশ কিছুদিন ধরে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জামায়াতে ইসলামীর আঁতাতের অভিযোগ করা হচ্ছে। সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বলেছেন, সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, পতি স্বৈরাচার ও বিরোধীদল আঁতাত করছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর। বরং দিল্লির সাথে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সাথে আঁতাত করছে বিএনপি। মূলত বিরোধীদলের যৌক্তিক আন্দোলনকে বিতর্কিত করতেই তিনি এ ধরনের কথা বলেছেন। প্রশাসনে এখনও ফ্যাসিবাদী শক্তির শক্তিশালী অবস্থান রয়েছে। সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পতিত স্বৈরাচার ও বিরোধীদলের আঁতাতের যে অভিযোগ প্রধানমন্ত্রী করেছেন, তা খুবই উদ্বেগজনক। রাষ্ট্রের কাছে তথ্য থাকার পরও শুধু জনসভায় বক্তব্য দিলেই দায়িত্ব শেষ হয় না। বরং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। কারণ, জাতি আর কোনোভাবেই পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন দেখতে চায় না। স্থানীয় নির্বাচন আসন্ন। এ নির্বাচনে দলীয় প্রার্থী না থাকলেও দল সমর্থিত প্রার্থী থাকবে। পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগের সাথে আঁতাত নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদলের মধ্যে যে দোষারোপের রাজনীতি চলছে, তা একে অপরকে মনস্তাত্বিক চাপে রাখার একধরনের কৌশল। তবে যে কৌশল অবলম্বন করা হোক না কেন, আওয়ামী লীগের সক্রিয় ও ফেরার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করার চেষ্টা দেশের সাধারণ মানুষের আত্মত্যাগের সাথে প্রতারণার শামিল। এটা কোনোভাবেই বরদাশত করা যায় না। ভারতের আশ্রয়ে লালিত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিলে তার প্রতিহিংসা থেকে ক্ষমতাসীনদল ও বিরোধীদল কেউই রেহাই পাবে না। তাদের পারস্পরিক দোষারোপ ও রাজনৈতিক অনৈক্য আওয়ামী লীগ উভয়কেই ছোবল মারবে। ফলে ‘কমন শত্রু’ আওয়ামী লীগকে প্রশ্রয়ের ফল কী হতে পারে, তা উভয় দলের না বোঝার কথা নয়। আমরা মনে করি, দেশের অর্থনৈতিক ক্রান্তিকালে দেশের মানুষকে কীভাবে স্বস্তিতে রাখা যায়, এ নিয়ে সরকার ও বিরোধীদলের মধ্যে আলাপ-আলোচনা করা দরকার। কষ্টে থাকা মানুষের এখন রাজনীতি নিয়ে ভাবার সময় নেই। তাদের প্রত্যাশা, তাদের চলমান টানাপোড়েনের জীবনযাপনে স্বস্তি ফেরাতে ক্ষমতাসীনদল ও বিরোধীদল সম্মিলিতভাবে উদ্যোগ ও পদক্ষেপ নেবে। পারস্পরিক দোষারোপের রাজনীতি জগণের জীবনে উদ্বেগ বাড়ানো ছাড়া কোনো কাজে আসবে না।
