এআই দিয়ে অশ্লীল ছবি  বানিয়ে প্রতারণা, নাটোরে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্যক্তির অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৬০ হাজার টাকা দাবি করার অভিযোগে রাইসুল ইসলাম জুয়েল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা গত রোববার রাত ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপালপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামুনুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জুয়েল ওই এলাকার মামুনুর রশিদের ছেলে। র‌্যাব জানায়, জুয়েল ফেসবুকে বিভিন্ন পেজ খুলে পণ্য বিক্রির কথা বলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত ২০ আগস্ট বিকেল ৫টায় তিনি এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে অশ্লীল ছবি পাঠান। পরে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথা বলে অনলাইনে ৮০ হাজার টাকা মূল্যের একটি গ্র্যান্ড পিয়ানো কেনার জন্য বিকাশ ও ব্যাংক হিসাব নম্বর নেন। পরে জুয়েল বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীর ছবি সংগ্রহ করেন। এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে ৬০ হাজার টাকা দাবি করেন জুয়েল। ভুক্তভোগী গত রোববার বড়াইগ্রাম থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট