অক্টোবরের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু পরিস্থিতি: স্বাস্থ্য সচিব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

থেমে থেমে ঘন ঘন বৃষ্টিপাতের কারণে এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ। তিনি আশা প্রকাশ করে বলেছেন, অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গুর অন্যতম হটস্পট হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য সচিব।

তিনি বলেন, হঠাৎ করে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়নি। গত বছর ও তার আগের বছরেও ব্যাপকসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে আসা রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহও রয়েছে। তবে আক্রান্ত হওয়ার আগেই সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্য সচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি, সেসব এলাকা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। দেশের আট থেকে ১০টি হটস্পটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। জেলাটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবারও জেলা হাসপাতালে দেড় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়ি ও হাসপাতালে সবার মশারি ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, জেলা হাসপাতালসহ জেলার পাঁচটি উপজেলা হাসপাতালের রান্নাঘর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। কাঠের খড়ির পরিবর্তে গ্যাসে রান্নার ব্যবস্থা করা হবে। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা হারুনুর রশিদ হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনদের হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান। পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব হাসপাতালের আশপাশের বিভিন্ন এলাকা, রান্নাঘর এবং ডেঙ্গুসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট