বাড়ি ফেরা হলো না  বাগমারার আনোয়ারের!

স্টাফ রিপোর্টার, বাগমারা

পুঠিয়ায় বাস থেকে নামার কথা ছিল আনোয়ার হোসেন (৩০)। সেখান থেকে বাড়িতে পৌঁছাবেন বলে মুঠোফোনে পরিবারকে জানিয়েছিলেন। কিন্তু তা আর হলো না। পথে নিহত হয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন।

নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ বাবর আলী। তিনি সদ্যই বরিশালে একটি বেসরকারী কোম্পানীতে যোগদান করেছিলেন। নব্য চাকরিতে যোগদান করে বরিশাল থেকে রাজশাহী ফেরার পথে নাটোরের বড়াইগ্রামে গতকাল মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়।

নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, বরিশাল থেকে আরপি পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে সোমবার বিকেলে বরিশাল থেকে ছেড়ে আসে। মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও বালু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি নিহত হন। এছাড়া ওই দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। দুপুরে স্বজনেরা আনোয়ার হোসেনের লাশ নিজ বাড়ি চাঁইপাড়া গ্রামে আনেন। লাশ পৌঁছার পর পরই প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কান্নায় ভেঙ্গে পড়ে। বিকেলেই নিহতের লাশ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আনোয়ারের ভাতিজা মিজানুর রহমান জানান, আনোয়ার ঢাকায় থাকতেন এবং একটি কোম্পানীতে চাকরি করতেন। কিছুদিন আগে বরিশালে একটি প্রকল্পে নতুন চাকরি পান। সেখানে যোগ দিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় বাস থেকে নামার কথা ছিল তার। সেখান থেকে বাড়িতে পৌঁছাবেন বলে মুঠোফোনে পরিবারকে জানিয়েছিলেন। কিন্তু তা আর হলো না। পথে নিহত হয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আনোয়ারের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য থানা পুলিশ বনপাড়া হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট