পোরশায় প্রতিপক্ষের আঘাতে যুবকের মৃত্যু
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম রেজা (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার ‘মাটিকাটা’ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের নুর বক্তের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল পাতা নিয়ে সেলিম রেজার সঙ্গে নিতপুর ইউনিয়নের পশ্চিম রঘুনাথপুর জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিম (২৫)-এর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে লোহার তৈরি হাম্বল দিয়ে সেলিম রেজার মাথায় সজোরে আঘাত করেন। হাম্বলের আঘাতে রক্ত রক্তাক্ত অবস্থায় সেলিম রেজা নদীর পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শনের ব্যবস্থা করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
