রাবির আইবিএস অ্যালামনাই এসোসিয়েশনের নবীনবরণ
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ৬ জন পিএইচডি ও ২৬ জন এমফিল নবীন গবেষককে বরণ করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএস সেমিনার কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার জন্য নবীন গবেষকদের প্রতি আহ্বান জানান।
নবীন গবেষক মিরাজুল ইসলাম বলেন, ‘একজন গবেষক হিসেবে আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই গর্বিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রথমবারের মতো আইবিএসের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘আইবিএস বাংলাদেশ সম্পর্কে জানার অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের তুলনায় আইবিএসের অবস্থান কিছুটা স্বতন্ত্র। আগামী বাজেটে আইবিএসের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ সভাপতির বক্তব্যে আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, ‘গবেষণার মান কেমন হবে, সেই দায়িত্ব মূলত গবেষকদের। আর গবেষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দায়িত্ব আইবিএস কর্তৃপক্ষের। এই দুইয়ের মাঝামাঝি একজন সেবক হিসেবে কাজ করার দায়িত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। আমরা সেই কাজটিই করে যাচ্ছি।’ এসময় আরো উপস্থিত ছিলেন আইবিএস এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল, আইবিএস অ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারি ড. মোহাম্মদ নাজিমুল ও অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি অধ্যাপক ড. কামরুজ্জামান।
