নগরীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে স্কুলের পাশে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। গতকাল রোববার দুপুর ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার নর্দানের মোড় প্রফেসরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ (১৫)। সে রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। নন্দিনী এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ব্যবহারিক খাতা দেখানোর উদ্দেশ্যে রোববার দুপুরে স্কুলে যাচ্ছিল। স্কুল থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে তার হাতে ও পিঠে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। নন্দিনীর শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, ঘটনার সময় নন্দিনীর সঙ্গে আরও দুই বান্ধবী ছিল। হামলাকারী তরুণ নন্দিনীর এক বান্ধবীর স্বামী। হামলার পর সে পালিয়ে যায়। রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তিনি প্রথমে পুলিশ সূত্রে জানতে পারেন। নন্দিনী মানবিক বিভাগের ছাত্রী এবং চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কী কারণে এই হামলা হয়েছে তা এখনো জানা যায়নি। আহত শিক্ষার্থীর সঙ্গে ত পুলিশ কথা বলেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
