চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় সিজারে একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন প্রসূতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে তৃতীয়বারের মতো সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন জমজ সন্তানের জন্ম দিয়েছেন সালমা বেগম (২৮) নামে এক প্রসূতি। বর্তমানে মা ও নবজাতক তিন সন্তান সুস্থ থাকলেও চার সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। অসচ্ছল এই পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সালমা বেগম তিন ছেলে সন্তানের জন্ম দেন। এর আগে দুইবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম নেয়।
সালমা বেগম বলেন, এরআগে একটি ছেলে সন্তান ও একটি মেয়ে হয়েছিল সিজারের মাধ্যমে, যার মধ্যে ছেলে সন্তানটি মারা গেছে। এবার একসঙ্গে তিন ছেলে সন্তান হয়েছে। আমি গরিব মানুষ। এতগুলো সন্তান নিয়ে তাদের লালন-পালন করতে কষ্ট হচ্ছে। সামর্থ্যবানদের কাছে আমার সন্তানদের জন্য সহযোগিতা কামনা করছি।
চাঁপাইনবাবগঞ্জ মডেল হাসপাতালের পরিচালক শহিদুজ্জামান মিলন জানান, সিজারিয়ান অপারেশন সফল হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ রয়েছেন। একসঙ্গে তিন সন্তানের জন্মের পর পরিবারটির সামনে এখন নতুন বাস্তবতা। নবজাতকদের প্রয়োজনীয় খাবার, চিকিৎসা ও পরিচর্যার পাশাপাশি পরিবারের দৈনন্দিন ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বজনরা। এ অবস্থায় অসচ্ছল পরিবারটির পাশে দাঁড়াতে মানবিক মানুষ ও সামর্থ্যবানদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
