চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে মৃত ৫ শিশু  সম্পর্কে বোন, গ্রামে শোকের ছায়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মার শাখা মরা নদীতে (মরা পদ্মা-পদ্মার শাখা) গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে নদীঘাটে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। ওসি জানান, মৃতরা সবাই কন্যা শিশু।

মৃত শিশুদের পরিচয় নিশ্চিত করেছেন ওয়ার্ড সদস্য মজিবুর রহমান ও  গ্রাম পুলিশ সাইদুর রহমান। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতরা হলো চর চাকলা গ্রামের নেজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (১০), একই গ্রামের মাসুদ আলীর মেয়ে আরিবা (৮) ও সুমাইয়া (১০) এবং ওই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে শরীফা (৮)। তারা সবাই সম্পর্কে মামাতো, ফুপাতো ও চাচাতো বোন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, জুমার নামাজ পড়তে গ্রামের বেশিরভাগ মানুষ মসজিদে ছিল। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। এরপর তারা পানিতে ডুবে যায়। এ সময় কয়েকজন স্থানীয় বিষয়টি খেয়াল করে চিৎকার শুরু করে। পরে গ্রামবাসী ৫ জনকেই নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, শুক্রবার হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে ‘মরা’ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে ‘মরা’ নদীটি পানিতে ভরে যায়। দুপুরে পাঁচ শিশু ওই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা ডুবে যায়।

পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র রায় পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট