বাগাতিপাড়ায় দিনদুপুরে কালো জাদুর ভয় দেখিয়ে স্বর্নালংকার হাতিয়ে নিল চক্র

বাগাতিপাড়া প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় দিন দুপুরে কালো জাদুর ভয় দেখিয়ে এক শিক্ষকের পরিবারের কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয়ের প্রতারক চক্রের দুই সদস্যের বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় পাঁকা গ্রামের শিক্ষক আকছেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে ভুক্তভোগী পরিবার এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আকছেদ আলীর ছেলে সিহাব আলী (২২) অসুস্থতার কারণে বাড়িতে ছিলেন। ওইদিন দুপুর ১২টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি বাড়ির সামনে এসে মাহফিলের কথা বলে টাকা সহযোগিতা চান। সিহাব তাদের ২০ টাকা দিলে তারা এক গ্লাস পানি চান। পানি না দেওয়ায় তারা সিহাবকে তার মাকে ডেকে আনতে বলেন। সিহাবের মা বাইরে এলে ওই দুই ব্যক্তি তার ছেলেকে দেখিয়ে কালো জাদু করার কথা বলেন। এতে সিহাবের মা কান্নাকাটি শুরু করলে প্রতারক চক্রের সদস্যরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা এক গ্লাস পানি আনতে বলেন। সিহাবের মা পানি এনে দিলে ওই পানিতে কিছু করার পর সেটির কিছু অংশ পান করতে দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, পানির অবশিষ্ট অংশে বাড়িতে থাকা স্বর্ণালংকার এনে ডুবিয়ে রাখতে বলা হয়। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, তার স্ত্রী তাদের কথামতো একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের কানের দুল এনে পানিতে ডুবিয়ে দেন। একপর্যায়ে ওই দুই ব্যক্তি সিহাবকে বাইরে থেকে একটি খেজুরের কাঁটা নিয়ে আসতে বলেন। সিহাব বাড়ির বাইরে যাওয়ার পর তারা তার মা ও ছোট ভাইকে হিপনোটাইজ (সম্মুহন) করার কথা বলে ভয় দেখিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। তবে এ ঘটনার দুয়েকটি দৃশ্য সিহার তার মোবাইল ফোনে ভিডিও ধারন করেন। ধারনকরা ভিডিও থেকে অভিযুক্তদের ছবি ও ভিডিও ফুটেজ তারা  তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানান।এদিকে পরিবারের দাবি, প্রতারক চক্রের সদস্যদের হাতিয়ে নেওয়া স^র্ণালংকারের মূল্য প্রায় তিন লাখ টাকা। পরে ওইদিন রাতে এ ঘটনায় আকছেদ আলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট