নগরীতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর মতিহার ও শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১১টার দিকে মতিহার থানার খোজাপুর এলাকার মো. নজরুলের ছেলে মো. নাইমুলকে (২১) জাহাজঘাট ফুলতলা এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শাহমখদুম থানার খিরশিন টিকর ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তারা হলেন—খিরশিন টিকর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শান্ত ইসলাম (১৯), একই গ্রামের রায়হান আলীর ছেলে শাকিল ইসলাম (১৮), তানোর থানার আমশো মথুরাপুর গ্রামের নায়েব আলীর ছেলে আতিকুর রহমান সিহাব (১৯) এবং সিলিন্দা বারইপাড়া গ্রামের মৃত জানে আলমের ছেলে আশিকুল ইসলাম আশিক (২৯)। পুলিশ জানায়, ওই চারজনকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
