নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার

পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।

নগর পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে কর্ণহার থানার পুলিশ কুপেরহাট এলাকায় অভিযান চালিয়ে তালুকধর্মপুর গ্রামের তুহিন হাবিবের ছেলে মো. আল আমিনকে (১৯) ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মৃত সাজ্জাদের ছেলে তোতা (৪৫) পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাত পৌনে ২টার দিকে তেতুলিয়া হাওয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তেতুলিয়া উত্তরপাড়ার হানিফ আলীর ছেলে মো. অনিক আলীকে (২৩) গ্রেপ্তার করে কর্ণহার থানা পুলিশ। রাত পৌনে ৯টার দিকে মতিহার থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে মৃত আনোয়ার হোসেনের ছেলে সুজনকে (৪০) তিন গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাত ২টার দিকে ডাশমারী এলাকায় অভিযান চালিয়ে মো. সালাউদ্দিন ওরফে সজিবকে (২৮) ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। রাত পৌনে ৭টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে মুন্নাকে (৩৫) ১৫টি ইয়াবা ও মাদক বিক্রির ৫৩০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। রাত সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় অভিযান চালিয়ে জামিল শেখ (২৯) ও জুয়েল রানাকে (২৮) ১০টি ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ৮০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট