বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনি নিহত ১
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় গোয়াল ঘর থেকে গরু-ছাগল চুরির সময় ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন ২ জন। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অপর একজন। নিহতের নাম শিমুল (২৮)। তিনি বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মোস্তফার ছেলে। আহত অপরজন হলেন একই গ্রামের নবির উদ্দিনের ছেলে সমজান (৫০)। তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত রোববার দিবাগত রাতে জোতকাদিরপুর গ্রামের ইয়ারুলের বাড়ির গোয়াল ঘর থেকে গরু-ছাগল চুরির চেষ্টা করেন শিমুল ও সমজান।
বাঘা থানা পুলিশ ও গরুর মলিক ইয়ারুল জানান, গোয়াল ঘরে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ১টি গরু ও আড়াই লক্ষ টাকা মূল্যের ৭ টি ছাগল ছিল। সেগুলো চুরির সময় টের পেয়ে শয়ন কক্ষ থেকে দরজা খুলে চোর চোর বলে ডাক দেওয়ার পর এলাকার লোকজন জড়ো হয়ে তাদের ধরে ফেলে। পরে তাদের গণধোলাই দেয় জনতা। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, নিহতের লাশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ইয়ারুলের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে।
