সার বিক্রিতে ফিরল খুচরা বিক্রেতা বাধ্যতামূলক হচ্ছে আইডি কার্ড
সার বিতরণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে কৃষি মন্ত্রণালয়। ফিরিয়ে আনা হয়েছে খুচরা বিক্রেতা বা সাব-ডিলার প্রথা। এক্ষেত্রে খুচরা বিক্রেতাদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ডিলারদের জন্য আলাদা যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া, নিবন্ধন, নবায়ন ও কার্যক্রম মূল্যায়নের সুনির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয় প্রণীত ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ তাৎক্ষণিকভাবে কার্যকর করার মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। সার ডিলার নিয়োগ, নবায়ন, বরাদ্দ ও বিতরণ প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
২০২৫ সালের ১৩ নভেম্বর ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ প্রণয়ন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। ওই নীতিমালায় সাব-ডিলার বা খুচরা বিক্রেতা ব্যবস্থা রহিত করার কথা বলা হয়। নীতিমালায় বলা হয়েছিল, ইউনিয়ন পর্যায়ে নিয়োগ বা দায়িত্বপ্রাপ্ত ডিলার তার অধিক্ষেত্রে নির্ধারিত তিনটি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে খুচরা বিক্রয়কেন্দ্র স্থাপন করবেন। পৌরসভায় নিয়োগ বা দায়িত্বপ্রাপ্ত ডিলারও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ মোতাবেক সুবিধাজনক স্থানে অনধিক তিনটি খুচরা বিক্রয়কেন্দ্র স্থাপন করবেন। অনুরূপভাবে সিটি করপোরেশনের জন্য নিয়োগ বা দায়িত্বপ্রাপ্ত ডিলার তার অধিক্ষেত্রে একইভাবে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ মোতাবেক সুবিধাজনক স্থানে প্রয়োজনীয়সংখ্যক খুচরা বিক্রয়কেন্দ্র স্থাপন করবেন।
আলাদাভাবে কোনো সাব-ডিলার বা খুচরা সার বিক্রেতা থাকবে না। ডিলার, কৃষক ব্যতীত অন্য কোনো বিক্রেতার নিকট সার বিক্রয় করতে পারবেন না। ডিলার তার জন্য নির্ধারিত নিজস্ব বিক্রয়কেন্দ্র ব্যতীত অন্য কারও মাধ্যমে সার বিক্রয় বা সরবরাহ করতে পারবেন না। ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনে বর্তমানে নিয়োগকৃত ডিলারদের সংখ্যার সঙ্গে সমন্বয় করে অবশিষ্টসংখ্যক নতুন ডিলার নিয়োগ দেওয়া যাবে। এরপর গত ৯ আগস্ট এ নীতিমালা সংশোধন করে কৃষি মন্ত্রণালয়। সংশোধনীতেও খুচরা বিক্রেতা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে এ নীতিমালাটি জারির পরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ (সংশোধিত)’-এ বলা হয়, ইউনিয়ন/পৌরসভা/সিটি করপোরেশন পর্যায়ে প্রতিটি সার ডিলারের অধিক্ষেত্রে সর্বোচ্চ ৩টি খুচরা বিক্রয়কেন্দ্র থাকবে। ডিলার অধিক্ষেত্রের এলাকাভুক্ত সুবিধাজনক স্থানগুলোতে সংশ্লিষ্ট উপজেলা/জেলা সার ও বীজ মনিটরিং কমিটি এ ৩টি বিক্রয়কেন্দ্রের স্থান নির্বাচন করবে। ডিলার নিজে একটি বিক্রয়কেন্দ্র পরিচালনা করবেন এবং অপর ২টি বিক্রয়কেন্দ্র ডিলার থেকে মনোনীত সার বিক্রয় প্রতিনিধির মাধ্যমে পরিচালনা করা হবে। সূত্র: ঢাকা পোস্ট
