মহাদেবপুরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মশালা
নওগাঁ প্রতিনিধি
দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে প্রচার ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সকল বাণিজ্যিক ব্যাংকের শাখা ও উপশাখার যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
সোনালী ব্যাংক পিএলসি মহাদেবপুর শাখার এজিএম ও শাখা প্রধান পরিতোষ চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এফএভিপি ও মহাদেবপুর শাখা প্রধান মো. মামুনুর রশিদের সঞ্চালনায় এতে কর্মশালা বিষয়ক মূল প্রবন্ধ ও তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার কৃষি ঋণ বিভাগের সহকারী পরিচালক মো. রাকি মিয়া। তিনি উত্তরবঙ্গকেন্দ্রিক বিশেষ কৃষি তহবিল ও ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি নওগাঁ এরিয়া অফিসের ডিজিএম মো. ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম রব্বানী এবং উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ। এর আগে উপজেলা মসজিদের পেশ ইমাম মো. জাহিদুল ইসলামের কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি মহাদেবপুর শাখার ম্যানেজার এ এন এম খায়রুজ্জামান।
