দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধেকারসাজির অভিযোগ, কৃষকদের বিক্ষোভ

দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে সার বিক্রিতে অনিয়ম ও কারসাজির অভিযোগে এক সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু সময়ের জন্য সার বিক্রি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার বিক্রির কার্যক্রম পুনরায় শুরু হয়। গতকাল সোমবার সকালে উপজেলার সরকারি অনুমোদিত বিসিআই ও বিএডিসির সার ডিলার মেসার্স লাল মোহাম্মদ সরদার-এর সার গোডাউনে এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলারের কাছে সার নিতে গিয়ে তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। কেউ কেউ দীর্ঘদিন ঘুরেও সার পাচ্ছেন না। এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং পছন্দের ব্যক্তিদের সার দেওয়ার অভিযোগও করেন তারা। সার নিতে আসা স্থানীয় কৃষক হাছেন আলী বলেন, “এখানে বেশি দামে সার বিক্রি করা হয়। আবার ইচ্ছেমতো ব্যক্তিদের সার দেওয়া হয়। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। আরেক কৃষক অভিযোগ করে বলেন, “এক সপ্তাহ ধরে ঘুরছি, কিন্তু সার পাচ্ছি না। সার নিতে এলে ডিলার বলেন সার নেই। বিভিন্ন টালবাহানা করে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। কৃষকদের অভিযোগকে কেন্দ্র করে ডিলার ও কৃষকদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সার বিক্রি বন্ধ করে দেন ডিলার লাল মোহাম্মদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগের বিষয়ে মেসার্স লাল মোহাম্মদ সরদারের লাইসেন্সের স্বত্বাধিকারী লাল মোহাম্মদ সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, সার বিক্রিতে কোনো কারসাজি করা হয় না। উপজেলা কৃষি অফিস থেকে যে পরিমাণ সার বরাদ্দ দেওয়া হয়, তা উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে বিক্রি করা হয়। দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, “সার বিক্রিতে বিশৃঙ্খলার খবর পেয়ে আমরা ওই ডিলারের পয়েন্ট পরিদর্শন করেছি। আমাদের অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক সার বিক্রির কার্যক্রম মনিটরিং করছেন।”

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট